বিদেশে আমার বদনাম আছে,‘এই মহিলা সব নিজের দেশে বানাতে চান’

ড. ফেরদৌসী কাদরী আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে রক্ষা করেছেন লাখো প্রাণ। কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর পেয়েছেন এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার। ৮ মার্চ নারী দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশি এই বিজ্ঞানী। তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তৃতার অংশবিশেষ থাকল আজ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. ফেরদৌসী কাদরী
ছবি: খালেদ সরকার

আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আশির দশকে আইসিডিডিআরবিতে (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) চলে আসি। কারণ, সব সময় আমি গবেষণা করতে চাইতাম। বিশ্ববিদ্যালয়ে সেই প্ল্যাটফর্ম ছিল না। এখনো কম, তবে আগের চেয়ে ভালো। আমি বাঁহাতি। বাঁহাতি মানুষেরা একটু অন্য রকম হয়। আমি খুব মেধাবী তা নয়, কিন্তু আমার খুব উৎসাহ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ছেড়ে চলে এলাম, আমার স্বামী থেকে গেলেন শিক্ষকতায়। তিনি অবশ্য খুব একটা চাননি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ি। কিন্তু তিনি জানতেন, এই মহিলাকে থামিয়ে রাখা যাবে না।

আইসিডিডিআরবিতে কাজ শুরুর পর মনে হলো, বিদেশে কাজের যে প্ল্যাটফর্ম পেয়েছিলাম, সেটাই যেন ফিরে পেলাম। এই প্ল্যাটফর্মের জন্যই কিন্তু বাংলাদেশের অনেক নারী-পুরুষ নিজেকে প্রমাণ করার সুযোগ পান। এটাকে আমি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মনে করি না। বলা যায় এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, যেখানে কিছু বিদেশিও থাকেন। তাতে আমাদের সুবিধা হয়, এই সুযোগে আমরা অনেক কিছু জানতে পারি, করতে পারি।

সারা জীবনই ল্যাবের ভেতর কাজ করেছি। ২০০৫ সালের কিছুদিন আগে থেকে ভাবতে শুরু করলাম, এত যে ল্যাবে কাজ করি, এটার তো কোনো ফল পাচ্ছি না। এত কলেরার রোগী দেখি, রাস্তায় এত দুস্থ মানুষ দেখি, তাঁদের জন্য তো কিছু করতে পারছি না। সেই সময় থেকেই আমার চিন্তাধারা বদলাতে থাকল। চেষ্টা করতে থাকলাম, কীভাবে বাংলাদেশের জন্য কিছু করা যায়। এতে করে আমার একটা বদনামই হয়ে গেল। বিদেশি অনেকেই বলত, ‘দিস লেডি জাস্ট টকস অ্যাবাউট হার ওউন কান্ট্রি। শি ওয়ান্টস টু মেক এভরিথিং ইন বাংলাদেশ (এই মহিলা শুধু নিজের দেশের কথা বলেন। সবকিছু তিনি দেশেই বানাতে চান)।’

এভাবেই ধীরে ধীরে শ্যানকল নামের কলেরার টিকাটি তৈরি হলো। এটা একেবারেই সাশ্রয়ী। ১ ডলারেই (প্রায় ৮৫ টাকা) আমরা মানুষকে দিতে পারি। কিন্তু এই টিকা থেকে মানুষ রোগমুক্ত হবে। আমি কিন্তু টিকা তৈরি করিনি। আমি টিকা নিয়ে গবেষণা করেছি। কলেরার রোগী নিয়ে অনেক গবেষণা করেছি। তাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কীভাবে কাজ করে, ব্যাকটেরিয়ার কী পরিবর্তন হয়, সেগুলো নিয়ে কাজ করেছি। টিকার ফরমুলেশন অন্যরা করেছেন।

তারপর ভাবলাম টিকাটা আমরা বাংলাদেশে আনব না? তখন বড় বড় ট্রায়াল করতে শুরু করলাম ঢাকা শহরে। দেখালাম, হ্যাঁ-এটা তো আমরা ব্যবহার করতে পারি। একটা বোতলের মুখ খুলে মুখে দিয়ে দিলেই টিকাটা হয়ে গেল। ফ্রিজে রাখতে হবে না। ১৪ দিন পর্যন্ত এমনিই বাইরে রেখে ব্যবহার করা যায়।

আরেকটা কাজ করলাম। দেখলাম বাংলাদেশে টিকা তৈরি হচ্ছে না। কেন হবে না? একে জিজ্ঞেস করলাম, তাঁকে জিজ্ঞেস করলাম। কিছু প্রতিষ্ঠান এগিয়ে এল। এই টিকাটা তাঁরা বাংলাদেশে তৈরি করল। এখন একটা টিকা না, অনেক টিকাই বাংলাদেশে তৈরি হচ্ছে। আমি তৈরি করিনি। তারাই করছে। কিন্তু তাঁরা উৎসাহিত হয়েছে এবং বিক্রিও হচ্ছে বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফিকেশন আমাদের নেই, সে জন্য বিদেশে যাচ্ছে না। কিন্তু সেটাও হয়ে যাবে।

আমি যখন কলেরার টিকা নিয়ে কাজ করেছি, তখন সব সময় সেটার একটা অংশে বলাই থাকত, টিকার প্রযুক্তি বাংলাদেশে আনতে হবে। এত নির্লজ্জের মতো বলতাম যে আমার আইসিডিডিআরবির পরিচালক একবার আমাকে থামালেন। বললেন, ‘ডোন্ট পুশ টু মাচ।’ কিন্তু এই পুশ করতে করতেই প্রযুক্তিটা বাংলাদেশে চলে এল। এভাবেই টাইফয়েডের টিকা নিয়েও কাজ করছি।

প্রথম আলো কার্যালয়ে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ফেরদৌসী কাদরী
ছবি: খালেদ সরকার

২.

আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় আমি বলি, আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, বাংলাদেশ আমাকে উৎসাহ দেয়। যদি বাংলাদেশে না থাকতাম, হয়তো এসবের কিছুই করতাম না। যদি বিদেশের ল্যাবে কাজ করতাম, হয়তো একজন পোস্ট ডক্টরেট থেকে যেতাম। আমার কাজের কোনো মূল্যই থাকত না। যেহেতু বাংলাদেশে আছি, তাই কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। বাংলাদেশে এত সমস্যা, আমরা সবাই যদি একেকটা সমস্যা নিয়ে কাজ করি, কিছু না কিছু করতে পারব।

বাংলাদেশ থেকে একটা ছোট পুরস্কার পেলেও আমার যে আনন্দ হয়, ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, লরিয়েল-ইউনেস্কো অ্যাওয়ার্ড বা অন্য কোনো আন্তর্জাতিক পুরস্কারেই আমার তত আনন্দ হয় না। আজ আমি এখানে উপস্থিত সবাইকে বলি, শুধু মেয়েদের না, আমার ভাইদেরও বলি, এভাবে যদি আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, অনুপ্রেরণা দিতে পারি, তাহলে অনেক কিছু করা সম্ভব।

আমি খুব হাঁটতে পছন্দ করি। প্রতিদিন অন্তত ১০ হাজার কদম হাঁটি। না হলে ঘুমাতে পারি না। হাঁটতে হাঁটতে যাকেই দেখি, তাকেই বলি-পড়াশোনা করো। নিউমার্কেট আমি খুব পছন্দ করি। ছোটবেলা তো নিউমার্কেটেই কেটেছে। সুযোগ পেলেই নিউমার্কেটে যেতে চেষ্টা করি। সেদিন নিউমার্কেটে দেখলাম, দোকানে বসে স্লিপ কাটছে একটা মেয়ে। বলল, সে এসএসসিও পাস করেনি, ক্লাস নাইনে আছে। বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে। জিজ্ঞেস করলাম, বাচ্চা কে দেখে? বলল, শাশুড়ি দেখে। স্বামী কী করে? প্রাইভেট টিউশনি করে। তো তুমি পড়বে না কেন? চুপ করে থাকল। নিশ্চয়ই অনেক সমস্যা আছে। বললাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে এসএসসি পাস করতেই পারবে। এভাবেই কিছু করতে পারি, না পারি, চেষ্টা করি।

আমি প্রতিদিন প্রথম আলো পড়ি। আপনাদের পত্রিকা থেকেও আমি অনেক খবর পাই। একটা ছেলে; তার দুটো হাত নাই, মুখ দিয়ে লেখে কিন্তু পড়ালেখা করে যাচ্ছে, ক্লাস নাইনে উঠে গেছে। প্রথম আলো থেকেই তার খোঁজ পেয়েছি। ওর সঙ্গে আমি আছি।

আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাসায় অনেক মেয়ে। আম্মাও একমাত্র মেয়ে ছিলেন। নানা-নানি মানুষ করেছেন। ধরতে গেলে আমি একেবারে নানা-নানির মেয়ে। আমার নানির স্কুল-কলেজের আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তিনি শিক্ষিত ছিলেন না, এ কথা আমি বলব না। তিনি যে অনুপ্রেরণা আমার মাকে দিয়েছেন, সেটার জন্য আমি সব পুরস্কার উৎসর্গ করি আমার নানিকে। এই মহিলা যদি আমাদের পেছনে না থাকতেন, আজ আমরা কেউ কিছু করতাম না। এখনো প্রতিদিন কতবার যে তাঁকে মনে করি, বলতে পারব না। এত সাহস তাঁর ছিল! তিনি চাইতেন মেয়েরা যেন শক্তভাবে দাঁড়ায়। আমাদের বিয়ের প্রস্তাব এলে রেগে যেতেন, ‘বিয়ে দেব কেন? আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিছু না কিছু করতে হবে।’

তোমরা যাঁরা তরুণ, তোমাদের অনেক কিছু করার আছে। বের হলেই আমরা হা-হুতাশ করি। রাস্তায় ভিড়, এত দূষণ। পত্রিকা খুললেই ভয় লাগে। তারপরও আমরা অনেক কিছু করতে পারব। উই ক্যান রাইজ অ্যাবাভ এভরিথিং। ধন্যবাদ।

(ঈষৎ পরিমার্জিত)