ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | সৃজনশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১০

পার্ল পার্ক লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

উন্নতমানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০১৯ সালে এ প্রতিষ্ঠান তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে চার লাখ একক ধার্য করে। কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র এক লাখ একক পোশাক তৈরি হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি তদারকি বাড়িয়ে দেয় এবং তাদের ত্রুটিগুলো বের করে যথাযথ পদক্ষেপ নেয়। কর্তৃপক্ষ আশা করছে যে প্রতিষ্ঠানটি এখন নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

প্রশ্ন

ক. বেঞ্চমার্কিং কী?

খ. নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত পার্ল পার্ক লি. নিয়ন্ত্রণের কোন পন্থা অনুসরণ করেছে? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে কি ‘পার্ল পার্ক লি.’ প্রতিষ্ঠানটি সফল হবে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর

ক. বেঞ্চমার্কিং হলো একটি শক্তিশালী কৌশল, যার মাধ্যমে অন্য প্রতিযোগী প্রতিষ্ঠান কীভাবে অধিক মানসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন করছে, তা জেনে নিজ প্রতিষ্ঠানের পণ্য বা সেবার সঙ্গে তুলনা করে সে অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন করা।

খ. কালান্তিক কাজ হলো, যে কাজ কোনো নির্দিষ্ট সময় পরপর করা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না, তা দেখা ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ কাজগুলো দিন, সপ্তাহ, মাস বা বছর শেষে হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট সময় শেষেই কার্যফল পরিমাপ, কার্যফলের আদর্শমানের তুলনা, বিচ্যুতি নির্ণয়, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কাজ সম্পাদিত হয়। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।

গ. উদ্দীপকে বর্ণিত পার্ল পার্ক লি. প্রথমে নিয়ন্ত্রণের আদর্শ মানের সঙ্গে সম্পাদিত কার্যফলের তুলনা অনুসরণ করেছে। নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণপূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সঙ্গে তুলনা করাই এ পর্যায়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরূপ তুলনার ক্ষেত্রে সংখ্যাত্মক বিচ্যুতি নিরূপণের চেষ্টা করা হয়।

উদ্দীপকে বর্ণিত পার্ল পার্ক লি. একটি ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে চার লাখ একক ধার্য করে। কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র এক লাখ একক পোশাক তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটিগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

এখানে,

কার্য বিচ্যুতি = আদর্শমান—প্রকৃত কার্যফল

= ৪০০০০০ — ১০০০০০

বিচ্যুতি = ৩০০০০০ একক।

সুতরাং উদ্দীপকে নিয়ন্ত্রণের আদর্শ মানের
মানে সম্পাদিত কার্যফলের তুলনা অনুসরণ করা হয়েছে।

ঘ. উদ্দীপকে বর্ণিত পরিবর্তিত পরিস্থিতিতে পার্ল পার্ক লি. বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আদর্শ মানের সঙ্গে তুলনা করার পর কার্যফলে কোনো বিচ্যুতি পাওয়া গেলে উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। এরূপ বিচ্যুতি বেশি হলে সে ক্ষেত্রে এর কারণ যথাযথভাবে নির্ধারণ ও তা মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। কারণ একাধিক হলে মুখ্য কারণ কোনটি, তা–ও নিরূপণের প্রয়োজন পড়ে। কারণ কতটা সংশোধনযোগ্য বা সংশোধনের ক্ষেত্রে কতটা সময়, অর্থ ও সামর্থ্য ব্যয় আবশ্যক, তা–ও গুরুত্বের সঙ্গে দেখতে হয়।

বিচ্যুতির কারণ নির্ধারণ করার পর এ পর্যায়ে এসে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে, এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনক্ষম ব্যবস্থা কী হতে পারে, তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়।

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ২০১৯ সালে
উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে চার লাখ একক ধার্য করে। কিন্তু ২০১৯ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র এক লাখ একক পোশাক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং উদ্দীপকে বর্ণিত গৃহীত ব্যবস্থার কারণে প্রতিষ্ঠানটি সফল হবে বলে আমি মনে করি।


মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা