প্রিয় পরীক্ষার্থী, এ বছর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হিসাববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা হবে। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ বছর হিসাববিজ্ঞান ২য় পত্রের ২য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৮ম—এই ৫টি অধ্যায়ের ওপর প্রশ্ন করা হবে।
শুধু পার্থক্য হলো, এ বছর তোমরা বাছাই করে তোমাদের ইচ্ছেমতো ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথমেই সংক্ষিপ্ত ৫টি অধ্যায় থেকে নিজে কিছু অধ্যায় নির্দিষ্ট করে নেবে। নির্ধারিত অধ্যায়গুলো বারবার চর্চা করবে।
প্রথমে প্রতিটি প্রশ্ন ভালোভাবে পড়বে এবং তৎসংশ্লিষ্ট প্রশ্নগুলো বুঝবে।
তারপর যেসব প্রশ্নের সমাধান ভালোভাবে করতে পারবে, সেগুলোর সমাধান করবে।
প্রথমেই মাথায় রাখতে হবে, প্রশ্নে কী চাওয়া হয়েছে! প্রশ্নগুলো ঠিক ঠিক বোঝার ওপর নির্ভুল সমাধান প্রদান নির্ভর করে।
মানবণ্টনের ওপর খেয়াল রেখে প্রতিটি প্রশ্ন অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে সমাধান নির্দিষ্ট করতে হবে।
কোনো প্রশ্নের যতটুকু অংশের শুদ্ধভাবে সমাধান করতে পারবে, ততটুকু অংশের জন্য নম্বর পাবে।
কতটুকু ভুল করলে কত নম্বর কাটা যাবে, তা চিন্তা করার দরকার নেই।
একটু ভুল করলেই সম্পূর্ণ উত্তরটা কাটার দরকার নেই।
তাই কোনো সৃজনশীল প্রশ্নের ক, খ কিংবা গ–এর কিছু অংশের সঠিক সমাধান করতে না পারলে বিচলিত হবে না।
কোনো প্রশ্নের উত্তর লেখার সময় মাথা ঠান্ডা রেখে যথাসম্ভব দ্রুত উত্তর লিখতে হবে, যেন নির্দিষ্ট সময়ের মধ্যে ৩টি প্রশ্নের উত্তর লেখা যায়।
হিসাববিজ্ঞান ২য় পত্র যেহেতু একটি প্রায়োগিক বিষয়, তাই এর সৃজনশীল অংশে কোনো থিওরি প্রশ্ন থাকবে না। সব প্রশ্নই হবে গাণিতিক কিংবা প্রায়োগিক সমস্যাসংক্রান্ত।
বহুনির্বাচনি প্রশ্ন ভালো করে পড়বে।