মুম্বাইয়ে স্কুল খুলছে কাল সোমবার
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে স্কুল খুলছে কাল সোমবার (৪ অক্টোবর)। করোনা পরিস্থিতি বিবেচনায় মহারাষ্ট্রে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা হচ্ছে। কোন এলাকায় সংক্রমণের হার কত, তা মাথায় রেখে করোনা স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) কমিশনার ইকবাল চাহাল।
মহারাষ্ট্রে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আবার স্কুলে যাবে শিক্ষার্থীরা। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই সব ক্লাসের শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি নেই। আপাতত রাজ্যের গ্রামাঞ্চলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে চালু হচ্ছে স্কুল। অন্যদিকে শহরাঞ্চলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে খুলছে স্কুল। তবে এখনই আবাসিক স্কুলগুলো খুলছে না। বাচ্চাদের স্কুলগুলোও বন্ধ থাকছে।
অক্টোবর থেকে বড়রা স্কুলে যাতায়াত শুরু করলে পরিস্থিতি বিবেচনায় পূজার পর আগামী নভেম্বর থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নভেম্বরে বাচ্চাদের স্কুল খোলা নিয়ে ভাবনাচিন্তা করছে নয়াদিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারও। দীপাবলির পর মুম্বাইয়ের কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়েও ভাবনাচিন্তা চলছে। করোনার বিধিনিষেধ মেনে ধাপে ধাপে খোলা হবে কলেজ। তবে করোনার টিকা নেওয়া থাকলেই কলেজে যাওয়ার অনুমতি মিলবে শিক্ষার্থীদের।
করোনায় একটা সময় মহারাষ্ট্র বিধ্বস্ত ছিল। বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কাটেনি। শুধু মুম্বাইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার ৩০৭। করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে।