প্রিয় পরীক্ষার্থী,
সমাজবিজ্ঞান যেহেতু সমাজের বিজ্ঞান, তাই এর অধিকাংশ আলোচ্য বিষয় কমবেশি সবার কাছে পরিচিত। ফলে পরীক্ষায় বসে লিখে ফেলতে পারব—এমন ধারণা অনেক শিক্ষার্থীর মধ্যে থাকতে পারে। এই ধারণা থেকে অনেক সময় একটা গতানুগতিক উত্তর লেখার প্রবণতা লক্ষ করা যায়, যা প্রকৃতপক্ষে সমাজবিজ্ঞানের ভাষায় হয় না।
একজন সাধারণ মানুষ যেভাবে পরিবার, বিবাহ, রাষ্ট্র কিংবা ধর্ম বুঝবে, একজন সমাজবিজ্ঞানের শিক্ষার্থীকে সেভাবে বুঝলে চলবে না। তাকে বুঝতে হবে এবং বোঝাতে হবে সমাজবিজ্ঞানের ভাষায়।
অন্যদিকে সমাজবিজ্ঞানের অনেক বিষয় আপেক্ষিক ও গতিশীল হওয়ায় এর সংজ্ঞা ও ধারণা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান।
তাই কোনো বিষয় পড়ার সময় মূল ধারণাটি আত্মস্থ করতে হবে, যার সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে।
যেকোনো বিষয়ের মূল ধারণাটি বুঝলে উদ্দীপক ধরা যেমন সহজ হবে, তেমনি উত্তর লেখার সময়ও অপ্রাসঙ্গিক লেখা এড়িয়ে চলা যাবে।
কেননা সমাজবিজ্ঞানের মূল বিষয়ের বাইরে অনেক কথা লিখতে পারার সম্ভাবনা বেশি থাকে।
সৃজনশীল পদ্ধতিতে ‘যথাযথ’ মূল বিষয়টি উপস্থাপনের ওপর জোর দেওয়া হয়। কেননা ভালো ফল অনেক ক্ষেত্রে বহুনির্বাচনির ওপর নির্ভর করে।
সৃজনশীল ও বহুনির্বাচনি দুই ক্ষেত্রেই জ্ঞানের স্তরটি যথাযথ গুরুত্ব দিয়ে আত্মস্থ করা গেলে অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরটি অধিকতর সহজ হবে।
প্রথম পত্রের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, সমাজ বিবর্তন, সমাজ পরিবর্তন, সামাজিক গতিশীলতা, বিবাহ ও পরিবারের গুরুত্ব, মর্গানের তত্ত্ব, সমাজজীবনে ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রভাব, জেন্ডার, মার্কস ও পেরেটোর তত্ত্ব প্রভৃতি ভালোভাবে শিখতে হবে।
পরীক্ষার খাতায় উত্তর লেখা শেষ হলে অবশ্যই রিভিশন দেবে।
কোনো কিছু ভুলত্রুটি থাকলে তা সহজেই ঠিক করে নিতে পারবে।
মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম