ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৯৭.৫২
ময়মনসিংহ বোর্ডে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৫২। এই বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসব তথ্য জানিয়েছে।
ফলাফল বিশ্লেষণে জানা যায়, এই বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হারে সবচেয়ে বেশি নেত্রকোনা জেলায়। এখানে পাসের হার ৯৮ দশমিক ৪৯। দ্বিতীয় স্থানে আছে জামালপুর জেলা। এখানে পাসের হার ৯৭ দশমিক ৪৩। ৯৭ দশমিক ৩৩ শতাংশ পাস নিয়ে ময়মনসিংহ জেলা তৃতীয় স্থানে। আর শেরপুর জেলায় পাসের হার ৯৭।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৯২। জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্ত মেয়ের সংখ্যা ৫ হাজার ৭০৭। আর জিপিএ-৫ প্রাপ্ত ছেলেশিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৮৫। এই বোর্ডের অধীনে অংশগ্রহণকারী মোট ছেলেশিক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৯০। আর মেয়েশিক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৯৭৩।
সার্বিক ফলাফলের বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দিদারুল ইসলাম বলেন, ময়মনসিংহ বোর্ডের অধীনে ফলাফল সন্তোষজনক।