প্রিয় পরীক্ষার্থী,
রসায়ন ১ম পত্র পরীক্ষার জন্য নির্ধারিত চারটি অধ্যায়ের নির্বাচিত অংশগুলো আয়ত্তে এনে পরীক্ষায় অংশ নিতে হবে।
এখন একাডেমিক বিষয়গুলো খুব যত্নসহকারে রিভিশন করে সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ বছর অধ্যায়ের পরিধি এবং প্রতিটি অধ্যায়ে সীমিত পরিসরে পড়তে হবে। তাই যত্ন নেওয়ার সুযোগ রয়েছে। তবে সচেতনতা আবশ্যক।
যেমন দ্বিতীয় অধ্যায়ের কৌণিক ভরবেগের একক অনেকে ভুল লেখে। মনে রাখবে, এর একক J.sec। আবার দ্রাব্যতার একক সাধারণত mol/L লেখা হয়, তবে gm/L লিখতে বললে অবশ্যই মানকে আণবিক ভর দিয়ে গুণ করে নিতে হবে।
কোয়ান্টাম সংখ্যার পরিষ্কার ধারণা থাকতে হবে। তৃতীয় ও চতুর্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হলে তা জানা জরুরি।
তৃতীয় অধ্যায়ের আয়নীকরণ শক্তি উল্লেখ করার সময় এর একক উল্লেখ করতে হবে।
ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমতা কারণসহ লিখতে ভুললে চলবে না।
সংকরকরণের সঙ্গে আকৃতি ব্যাখ্যা করার সময় লোন পেয়ার ইলেকট্রনের প্রভাব উল্লেখ করা জরুরি।
চতুর্থ অধ্যায়ের লা শাতেলিয়ার নীতি ব্যাখ্যা করার জন্য বিক্রিয়াটি তাপোৎপাদী না তাপহারী, সেটি খেয়াল করে নেবে। এ ক্ষেত্রে চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য উভয় দিকের মোলসংখ্যার হিসাব যথাযথভাবে করতে হবে। তা ছাড়া এই অধ্যায়ের kp ও kc–এর রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মোলসংখ্যা মনোযোগের সঙ্গে দেখবে। এটি অঙ্কের একক লেখার জন্য জরুরি।
pH নির্ণয়ের ক্ষেত্রে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে তিন ধাপে বের করতে হয়। প্রথমে বিয়োজন মাত্রা, তারপর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং সবশেষে pH এর মান নির্ণয় করতে হবে। উল্লেখ্য, বাফার দ্রবণের pH এর মান নির্ণয়ের জন্য উদ্দীপকের অ্যাসিড লবণের ঘনমাত্রা একই ঘনমাত্রা, না ভিন্ন দেওয়া আছে, তা অবশ্যই খেয়াল করে অগ্রসর হবে।
পঞ্চম অধ্যায়ের কথায় আসা যাক। যদি ভিনেগার প্রস্তুতি (শিল্পোৎপাদন) উল্লেখ থাকে, তাহলে চিনি থেকে উৎপাদন লিখবে এবং প্রতিটি ধাপে সুনির্দিষ্ট প্রভাবকসমূহ উল্লেখ করতে হবে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে।
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা