অধ্যায় ২
প্রশ্ন: দাতা-গ্রহীতা কী?
উত্তর: দুটি পক্ষ হতে একটি পক্ষকে দাতা, অপর পক্ষকে গ্রহীতা বলে চিহ্নিত করা হয়। দাতাপক্ষ সুবিধা প্রদান করে, সমপরিমাণ সুবিধা গ্রহীতাপক্ষ গ্রহণ করে। অর্থাৎ যিনি বা যে পক্ষ সুবিধা দান করে তাকে দাতা আর যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে গ্রহীতা বলে।
প্রশ্ন: লাভ-লোকসান সম্পর্কে অবগত হওয়া যায় কীভাবে?
উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতিতে আয় ও ব্যয় জাতীয় হিসাবগুলো যথাযথভাবে রাখা হয়। ফলে হিসাব শেষে আয় ও ব্যয়ের হিসাবগুলো একত্র করে আয়-ব্যয় হিসাব বা আয় বিবরণী প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাভ-লোকসান সম্পর্কে অবগত হওয়া যায়।
প্রশ্ন: ডেটর কী?
উত্তর: যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করা হয়, তাদের ‘দেনাদার’ বলে। ব্রিটিশ পরিভাষায় একে Debtors লেখা হয়, তবে আমেরিকান পরিভাষায় একে Accounts Receivable (প্রাপ্য হিসাব) লেখা হয়।
প্রশ্ন: ক্রেডিটর কী?
উত্তর: যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ধারে পণ্য ক্রয় বা সেবা সংগ্রহ করা হয়, তাদের ‘পাওনাদার’ বলে। ব্রিটিশ পরিভাষায় একে Creditors লেখা হয়, কিন্তু আমেরিকান পরিভাষায় একে Accounts Payable (প্রদেয় হিসাব) লেখা হয়।
প্রশ্ন: মৌলিক হিসাব সমীকরণ কী?
উত্তর: সত্তানীতি অনুসারে সম্পত্তিকে ডেবিট এবং দায় বা মূলধনকে ক্রেডিট করা হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ মালিকানাস্বত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রকাশ করা হয় তাকে হিসাববিজ্ঞানে ‘মৌলিক হিসাব সমীকরণ’ বলে। সমীকরণটির মূল কথা হলো একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ ওই সব সম্পত্তির ওপর বিভিন্ন পক্ষের দাবি বা মোট স্বত্বাধিকারের সমান হবে।
প্রশ্ন: বিজ্ঞানসম্মত হিসাবপদ্ধতি কী?
উত্তর: দুতরফা দাখিলায় লেনদেনের বিজ্ঞানসম্মত হিসাব সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিতে হিসাবকাল শেষে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এ পদ্ধতিতে মোট ডেবিট পরিমাণ ও মোট ক্রেডিট পরিমাণ সব সময় সমান হয়। এ হিসাব ব্যবস্থায় হিসাবে ভুলত্রুটি ও জালিয়াতি সংঘটিত হলে সহজেই তা উদ্ঘাটন করা যায়। এ কারণে দুতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল