অধ্যায় ২
প্রশ্ন: হিসাব সমীকরণের কাঠামোগত পরিবর্তন কী?
উত্তর: হিসাব সমীকরণের উপাদানগুলোর মধ্যে একদিকে সম্পদসমূহ থাকে এবং অন্যদিকে দায় ও মালিকানা স্বত্ব থাকে। কোনো লেনদেনের ফলে যখন হিসাব সমীকরণের শুধু সম্পদের দিক অথবা দায় ও মালিকানা স্বত্বের দিকের মধ্যে যেকোনো একদিকের উপাদানগুলোর হ্রাস-বৃদ্ধি ঘটে এবং উভয় পাশের মোট পরিমাণ অপরিবর্তিত থাকে, তখন তাকে হিসাব সমীকরণের কাঠামোগত পরিবর্তন বলে।
প্রশ্ন: সমন্বিত রেওয়ামিল কী?
উত্তর: সমন্বয় দাখিলা হতে সংশ্লিষ্ট হিসাবসমূহকে স্ব স্ব হিসাব খাতে স্থানান্তর করে পুনরায় হিসাব খাতসমূহের সমন্বিত ও সংশোধিত জের নির্ণয় করা হয়। সমন্বিত জেরসমূহ নিয়ে পুনরায় যে রেওয়ামিল প্রস্তুত করা হয়, তাকে সমন্বিত রেওয়ামিল বলে।
প্রশ্ন: যাচাই কী?
উত্তর: হিসাবসমূহকে দুতরফা দাখিলায় লিপিবদ্ধ করলে এদের জের নিয়ে রেওয়ামিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।
প্রশ্ন: হিসাবকাল কী?
উত্তর: হিসাবকাল অর্থ একটি নির্দিষ্ট সময়। সাধারণত ১ বছর সময়কে হিসাবকাল ধরা হয়। তবে ক্ষেত্র বিশেষে এক মাস বা ছয় মাসেরও হিসাবকাল হতে পারে।
প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাব কী?
উত্তর: ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স (উদ্বৃত্ত) অথবা ক্রেডিট ব্যালেন্স (উদ্বৃত্ত) উভয়ই হতে পারে। ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা দেনাদার বোঝায় এবং ক্রেডিট ব্যালেন্স দ্বারা পাওনাদার বোঝায়। অর্থাৎ ডেবিট ব্যালেন্স দ্বারা দেনাদারের নিকট থেকে কারবারের পাওনা টাকা বা সম্পত্তি বোঝায় এবং ক্রেডিট ব্যালেন্স দ্বারা পাওনাদারের নিকট কারবারের দায় বোঝায়।
প্রশ্ন: প্রথম দলিল কী?
উত্তর: প্রামাণ্য দলিল প্রস্তুত বা সংগ্রহ করে লেনদেন চিহ্নিত করা হয়। এসব প্রামাণ্য দলিলকে ব্যবসায়ের লেনদেনের প্রথম দলিল বলা হয়। এসব দলিলে সংশ্লিষ্ট লেনদেনের যাবতীয় তথ্যাদি থাকে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর নাম অনুযায়ী দায়দায়িত্ব স্পষ্ট করা থাকে।
প্রশ্ন: হিসাবের প্রাথমিক বই কী?
উত্তর: লেনদেনসমূহ চিহ্নিতকরণের পর দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে একটি নির্দিষ্ট ছকে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। এটাই হলো হিসাবের প্রাথমিক বই।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা