দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (২০২২-২৩ শিক্ষাবর্ষ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে। দুদিনেই ভর্তি-ইচ্ছুকদের ৩৭ হাজার আবেদন জমা পড়েছে।
মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্য আলাদা করে তিন দিনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি দেড় হাজার টাকা।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর একটি সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, তখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মানবিক বিভাগের (‘বি’ ইউনিট) পরীক্ষা হবে আগামী ২০ মে। এরপর ২৭ মে বাণিজ্য বিভাগের (‘সি’ ইউনিট) ও আগামী ৩ জুন বিজ্ঞান বিভাগের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার কেন্দ্র হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এই ১৯টি কেন্দ্রের মধ্য থেকে একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবেন। অর্থাৎ এই কেন্দ্রে তাঁকে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা শেষে প্রতিটি ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের ফলাফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে। এই ফলাফলের ভিত্তিতে যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটি মাত্র আবেদনের মাধ্যমে যেকোনো যোগ্য শিক্ষার্থী এই গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোগ্য বিভাগগুলোর পছন্দক্রম উল্লেখ করে আবেদন করতে পারবেন। আবেদন করা বিশ্ববিদ্যালয় ও বিভাগগুলোর পছন্দক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে। আর একটি মেধাতালিকা ও আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ তিনটি অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা যাবে। সবশেষে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির বাকি কাজ শেষ করা হবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।