সেরা পাঠকদের আজ পুরস্কার দেবে গ্রন্থকেন্দ্র

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিশেষ পাঠ-কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের আজ বুধবার পুরস্কৃত করা হবে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে পাঠ–কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। এতে ঢাকা মহানগরের বেসরকারি ২০টি গ্রন্থাগার অংশ নেয়।

এবার বিশেষ পাঠ-কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ২০টি পাঠাগারে সরাফ আহমেদের প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন শীর্ষক বইটি বিতরণ করা হয়। এ বইয়ের ওপর সেরা পাঠকদের ২০ জনকে পুরস্কৃত করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল মনসুর। অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, লেখক ও সাংবাদিক সরাফ আহমেদ প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।