ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফেল থেকে পাস করেছে ৪৫ শিক্ষার্থী। তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে এই ফলাফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুরে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

পুনর্নিরীক্ষণের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৫২৫ পরীক্ষার্থীর মধ্যে ১৮২ জনের ফল পরিবর্তন হয়েছে। মোট উত্তরপত্র ছিল ২৮ হাজার ৬০৭টি। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ পরীক্ষার্থী। পাশাপাশি ৪৯৩ পরীক্ষার্থীর উত্তরপত্রের সংখ্যা পরিবর্তিত হয়েছে। গতবার ২১২ পরীক্ষার্থীর উত্তরপত্র পরিবর্তন হয়েছিল।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২৮ নভেম্বর। এ বছর চট্টগ্রাম থেকে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। প্রথম দফায় জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। এখন আরও ২৪ জন যোগ হলো।

জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, এবার কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পায়নি।