আরও দুই বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ
আরও দুই বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যালয় দুটি হলো নোয়াখালীর ডমুরুয়া জেড এ চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও মৌলভীবাজারের উপাধ্যক্ষ আবদুস শহীদ উচ্চবিদ্যালয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নোয়াখালীর সেনবাগ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আবেদন জানানো হয়েছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া জেড এ চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়, যার চাহিত নাম—মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক ডমুরুয়া উচ্চবিদ্যালয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপাধ্যক্ষ আবদুস শহীদ উচ্চবিদ্যালয়, চাহিত নাম—রূপষপুর উচ্চবিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের লক্ষ্যে বিদ্যমান ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’ অনুসরণ করে সরেজমিন পরিদর্শন করে তথ্য ও সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ করা হলো।