বিইউবিটির ইইই বিভাগের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উদ্যাপন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন করেছে। এই অনন্য মাইলফলক উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিইউবিটির প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিইউবিটির ইইই বিভাগের এই অর্জন উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত।’ তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিইউবিটি ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ আল মনসুর এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিইউবিটির এই অর্জন আমাদের সব শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত কঠোর পরিশ্রমের ফল।’
সভাপতির বক্তব্যে বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী বলেন, বিইউবিটি শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই অর্জন।
অনুষ্ঠানে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুল আরেফিন ও সহকারী অধ্যাপক মো. সাব্বির হাসান সোহাগকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের ডিন অধ্যাপক মুন্সী মাহবুবুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক কে আহমেদ আলম এবং ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের কেক কাটা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দঘন মুহূর্তটি উদ্যাপন করা হয়।