‘কারিগরি ত্রুটিতে’ প্রাথমিক বৃত্তির ফল প্রকাশিত হয়নি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ‘কারিগরি ত্রুটির’ কারণে ফল প্রকাশ করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রমতে জানা গেছে। সব ফলাফল পুরোপুরি প্রস্তুত করার আগেই কোনো কোনো জেলার ফলাফল ওয়েবসাইটে আপলোড হয়েছিল। পরে অবশ্য তা সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু তার আগেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা ঘটেছিল। তবে ফল আগামী রোববার প্রকাশ করা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক প্রথম আলোকে জানান, ফল প্রকাশ শুরু হলেও কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা স্থগিত করা হয়। তবে সহকর্মীদের মাধ্যমে জেনেছেন, কোনো কোনো জেলার ফল প্রকাশিত হয়েছিল।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আজ সকালে প্রথম আলোকে বলেছিলেন, ফল দ্রুতই প্রকাশ করা হবে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।