স্কুলে অনুপস্থিত ১৫ শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলো ফাইল ছবি

ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ১৫ জন শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাঁদের আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ জানাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেসের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (জানুয়ারি ২০২৩ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো হয়। উক্ত পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার মোট ১৫ জন শিক্ষক ও কর্মচারী পরিদর্শনকালে অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

যাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—চাঁদপুর উত্তর মতলবের লোকমান হোসেন ও মোহাম্মদ আলাউদ্দিন, মাগুরার মোহাম্মদপুরের সহকারী শিক্ষক মেহনাজ খাতুন, খুলনা ফুলতলার সহকারী শিক্ষক অসীম কুমার বিশ্বাস, দিনাজপুরের বিরলের সহকারী প্রধান শিক্ষক সুরজিৎ কুমার রায়, রাজশাহীর দূর্গাপুরের শাওলিয়া খাতুন, কাওছার আহম্মেদ, ডালিমা নাজরীন, মোহা. রাজ্জাক ও মোছা. ফাহিমা আক্তার, সিলেট দক্ষিণ সুরমার জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক জাকিয়া জান্নাত, সহকারী শিক্ষক মাজেদা খাতুন ও মোছাম্মত মুক্তা এবং দিনাজপুরের বীরগঞ্জের মো. আইয়ুব আলী।
অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মাউশি অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।