ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান

ব্র্যাক ইউনিভার্সিটিতে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬ছবি: ব্র্যাক ইউনিভার্সিটির সৌজন্যে

মা ও নবজাতকের নিরাপদ সেবায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই সুদক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দক্ষতা। এই আহ্বান সামনে রেখে গত মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটিতে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন।’

অনুষ্ঠানটির আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম। দিবসটি উপলক্ষে মোহাম্মদপুর ও শ্যামলীতে অনুষ্ঠিত হয় র‍্যালি, নাটক ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে দক্ষ মিডওয়াইফের গুরুত্ব, মাতৃস্বাস্থ্যসেবায় তাঁদের অবদান এবং এই পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের অংশ হিসেবে গত সোমবার মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। সেখানে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক ধারণা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে মিডওয়াইফারি প্রোগ্রামের ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে আনুষ্ঠানিকভাবে এই পেশায় স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে মিডওয়াইফারি শিক্ষা ও নার্সিং প্রোগ্রামের পরিচালক চিকিৎসক শারমিনা রহমান বলেন, ‘দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।’ তিনি প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিনিধি পারভিন সুলতানা। মিডওয়াইফারি শিক্ষায় হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সক্ষম ও পেশাগতভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে। দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।’