মাধ্যমিক পরীক্ষার ফল
এক পাশে এত পাস, অন্য পাশে কেন লাশ
পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ দিন। যারা অকৃতকার্য হয়, তাদের জন্য কঠিন সময়। এ সময় অভিভাবকদের তাদের পাশে থাকা উচিত।
গত নভেম্বরের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলাফল অ্যালান করার আগের দিন থেকেই মিষ্টির দোকানগুলোতে সাজসাজ রব পড়ে যায়। ছোট-বড় বাহারি মোড়কে নানা পদের মিষ্টান্নের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। পাসের সুখবরে চারদিকে পরীক্ষার্থী-অভিভাবকদের আনন্দ-উচ্ছ্বাস।
স্বজন-পরিচিতদের মিষ্টিমুখ করাতে হবে। খদ্দরে ভরে যায় মিষ্টির দোকান। গত বছরের তুলনায় মোট পাসের হার কমে গেলেও এবার জিপিএ-৫-এ রেকর্ড হয়েছে। এসএসসি ও সমমানে মোট ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী ফলাফলে সর্বোচ্চ এই সূচক পেয়েছে। মোট উত্তীর্ণের সংখ্যায় এই হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। গত বছর বিশেষ ব্যবস্থায় সীমিত সিলেবাসে সীমিত বিষয়ে পরীক্ষা হলেও জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী। অর্থাৎ গত বছরের তুলনায় এবার এই সূচক পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ২৬২ বেশি।
পরীক্ষায় এই ভালো ফলাফলে পরিবারের পক্ষ থেকে মিষ্টি বিতরণের পাশাপাশি অনেকে সন্তানের খুশির এই বারতা পোস্ট করে ফেসবুকে। তাদের ফেসবুক দেয়াল ভরে উঠতে থাকে অভিনন্দন আর শুভেচ্ছার বার্তায়।
‘আমার মেয়ে, আমার ছেলে, আমার অমুক জিপিএ-৫ পেয়েছে’; কেউ লিখেছেন ‘গোল্ডেন জিপিএ’ পেয়েছে। একজন মন্তব্য ঘরে লেখেন, ‘ওই নামে (গোল্ডেন জিপিএ) কিছু নেই।’ কেউ কেউ প্রতিবাদ করে ওঠেন, ‘অবশ্যই আছে।’ গোল্ডেন জিপিএ আছে–নেই, এ বিতর্ক ভালো প্রচার পায়। কেউ কেউ বলে বসেন, ‘কারও সন্তান “গোল্ডেন জিপিএ” না পেলে তারা নাই নাই বলে চিক্কুর মারে। আসলে এটা আছে। এই মন্তব্যের পক্ষে–বিপক্ষে মন্তব্যের স্রোত বইতে থাকে।
ফেসবুক ছাপিয়ে এই ‘গোল্ডেন জিপিএ’ বিতর্ক টক শোতে চেয়ার পেয়ে যায়। সুরাহাপন্থীরা ক্যামেরা নিয়ে ছুটে যান শিক্ষা বোর্ডের প্রধানদের দ্বারে। তাঁদের একজন বলেন, ‘গোল্ডেন জিপিএ’ নামে কোনো সূচক নেই। আসলে লোকমুখে ছড়াতে ছড়াতে এটাই একটা সূচকে পরিণত হয়েছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, জিপিএ-৫ হচ্ছে সর্বোচ্চ সূচক। এটাই সবচেয়ে ভালো ফল।’
এই তর্কবিতর্কের ডামাডোলের মধ্যে একে একে ঝরতে থাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ বা অকৃতকার্য ছাত্রছাত্রীদের প্রাণ। কেউ কেউ ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এক দিন, কেউ দুই দিন অপেক্ষা করে। এদের কারও বয়স ১৫, কারও ১৬, কারও ১৭। সাতক্ষীরার কালীগঞ্জের শারমিন সুলতানা (দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ), সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ফাহিমা বেগম (বীরমঙ্গল উচ্চবিদ্যালয়), নীলফামারীর জলঢাকার মেয়ে ভারতী রানী রায় (উত্তর দেশীবাই উচ্চবিদ্যালয়), নরসিংদীর রায়পুরার সাদিয়া (জে এম উচ্চবিদ্যালয়), টাঙ্গাইল ঘাটাইলের মারুফ (গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চবিদ্যালয়), ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের দিপু দাস প্রমুখের দুঃখজনক মৃত্যুর খবর ফলাফল প্রকাশের এক থেকে দুই দিনের মধ্যেই পত্রপত্রিকায় ছাপা হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরই শেষ খবর নয়। সব খবর তো আর গণমাধ্যমের প্রচারে আসে না। নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে যারা ব্যর্থ হয়, তাদের কথা সচরাচর গণমাধ্যমে আসে না। লোক জানাজানি না করার একটা চেষ্টা থাকে সব পক্ষের। ঘটনা লুকাতে গিয়ে তাদের মানসিক সংকটটাই অস্বীকার করা হয়। তাদের চিকিৎসার বিষয়টিও সামনে আসে না।
সুইসাইড অ্যাওয়ারনেস ভয়েসেস অব এডুকেশন (সেভ) তাদের সংগৃহীত তথ্যপ্রমাণ দিয়ে বলছে, আত্মহত্যার চেষ্টা করা প্রতি ২৫ জনের মধ্যে মাত্র একজন সফল হয়। আর সেটার খবরই হয় তো কেবল আমরা জানতে পারি। বেঁচে যাওয়া ২৪ জনের কথা আমরা জানতে পারি না। তাদের যদি চিকিৎসার আওতায় নেওয়া না যায়, তবে তারা আবার আত্মহত্যার চেষ্টা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে সাফল্যের হার অনেক বেশি।
পরীক্ষার্থীরা কেন এমন পথ বেছে নেয়
প্রকাশিত খবর আর স্থানীয় সংবাদকর্মীদের সূত্রে যতটুকু জানা যায়, তাতে মনে হয় না খারাপ ফলাফলের জন্য আত্মহত্যার চেষ্টা করা বা আত্মহত্যাকারীদের কেউ তথাকথিত ‘খারাপ শিক্ষার্থী’ ছিল। বারবার ফেল করত, এমন কেউ নেই। স্কুলের কোনো ক্লাসেই তাদের ফেল বা
ব্যর্থ হওয়ার রেকর্ড ছিল না। কোভিডকালের ফাঁকটুকু ছাড়া তাদের শিক্ষাজীবনে কোনো ফাঁকফোকর ছিল না। অনেকেই শুধু একটা বিষয়েই ‘খারাপ’ করেছে, বাকিগুলোতে ‘এ প্লাস’, ‘এ’ বা ‘এ মাইনাস’ পেয়েছে। অনেক শিক্ষার্থী এ ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ নিতে পারে না। তারা যে আসলেই খারাপ করেছে, সেটা জানার কোনো সহজ পথ নেই। যন্ত্রের ভুল, পরীক্ষকের অসাবধানতা—কত–কী ঘটতে পারে। শিক্ষা বোর্ডে গিয়ে সেসবের পাত্তা লাগানো চাট্টিখানি কথা নয়। শারমিন, ফাহিমা, পূর্ণিমা ভারতী, দিপু দাস, মারুফদের নাগালের বাইরে সেসব।
শিক্ষাজীবনের মাঝপথে একবার ছন্দপতন মানে সারা জীবনের ছন্দপতন। ছন্দে ফিরে আনার মতো কোনো ব্যক্তির ছায়া তাদের নজরে আসে না। চলতি বছরের জানুয়ারিতে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ বছর বয়সী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্বোজিত ঘোষের আত্মহত্যার খবর আমরা জেনেছিলাম। পরীক্ষার ফলাফলে তাকে এক বিষয়ে ফেল দেখানো হয়।
ভুলভাবে প্রকাশিত এই ব্যর্থতার খবরে ব্যর্থ মনোরথ কিশোর সর্বোজিত সেদিনই তার বাড়ির কাছাকাছি নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু পুনর্নিরীক্ষণের পর সংশোধিত ফলাফলে দেখা যায়, সর্বোজিত ঘোষ কোনো বিষয়েই ফেল করেনি। সে জিপিএ–৪.৬৭ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সর্বোজিত আর কখনো ফিরে আসবে না। ফলাফল প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তিরা কি একটু সাবধান হবেন? কারণ, তাঁদের একটি ভুল সর্বোজিতের মতো নিজেকে নিয়ে স্বপ্ন দেখা কিশোরের প্রাণ কেড়ে নিতে পারে। শিক্ষা বোর্ডের কর্তাদের কাছেও প্রশ্ন, তাঁরা পুনর্নিরীক্ষণের প্রক্রিয়াটা সহজ আর নাগালের মধ্যে রাখবেন?
সন্তানের খারাপ ফলাফল হলে অনেক সময় মা-বাবারাও ঠিকমতো এগিয়ে আসেন না। রাজধানীর একটা নামকরা বিদ্যালয়ে পড়াশোনা করে করিম, ভবিষ্যতে মাধ্যমিক দেবে। মা-বাবা দুজনই সমাজের নামীদামি ব্যক্তিত্ব, তাঁদের কাউকে সালাম দিতে হয় না। করিম মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় উতরাতে পারেনি। এক বিষয়ে ফেল। করিম কখনো এমন ফলাফলের মুখোমুখি হয়নি। তারও মন খারাপ, ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। খারাপ ফলের জন্য তাকে বকাবকির চূড়ান্ত সীমা লঙ্ঘন করেন অভিভাবকেরা।
করিম আর দরজা খোলে না, খায় না। মায়ের এক বান্ধবী এসে শেষ পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করাতে রাজি করান মাকে। ছেলের জন্য অনেক ‘ছোট’ হতে হয় তাঁকে। তবু ভাগ্য ভালো বলতে হবে, শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। প্রথমে করিমের খাতা মনে করে যেটা দেখা হয়েছিল, সেটা আসলে তার নয়। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত তার খাতার হদিস মেলে। সে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। আগামী বছর সে মাধ্যমিকের পরীক্ষায় বসবে।
অভিভাবকেরা, বিশেষ করে মা–বাবা একটু চেষ্টা করলে, সন্তানদের একটু পাশে দাঁড়ালে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। ওপরে যে ছয়জনের কথা বলা হয়েছে, ফল প্রকাশের পর তাদের মধ্যে অন্তত দুজন চরম হতাশা নিয়ে বাড়িতে ফিরে দেখেন, মা–বাবা অন্য আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। অভিভাবকদের বোঝা উচিত, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। মাধ্যমিকের ফল ঘোষণার দিনটি একজন কিশোর–কিশোরীর জীবনের একটা বিশেষ দিন। তাই এই দিনটিতে মা–বাবার তার পাশে থাকাটা খুব জরুরি। না থাকাটা অবহেলার শামিল। এমন অবহেলা সহ্য করা সহজ নয়।
শুধু ছেলেমেয়েরা আত্মহত্যা করে?
২০২১ সালের ৫ অক্টোবর জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের ১০-১৯ বছর বয়সী প্রতি সাত কিশোর-কিশোরীর মধ্যে একজনের বেশি মানসিক সংকট নিয়ে জীবনযাপন করছে। প্রতিবছর প্রায় ৪৬ হাজার কিশোর-কিশোরী আত্মহত্যা করে। ১০-১৯ বছর বয়সী কিশোর–কিশোরীদের মৃত্যুর প্রধান পাঁচটি কারণের একটি হচ্ছে আত্মহত্যা।
বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, যেসব কিশোর-কিশোরী অবহেলা, কটূক্তি, পারিবারিক সহিংসতা ও নিপীড়নের শিকার হয়—তাদের
মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। আমাদের দেশে পরীক্ষায় খারাপ করা শিক্ষার্থীদের প্রতি অভিভাবক, শিক্ষক, আত্মীয়স্বজন, এমনকি ‘সফল’ সহপাঠী বন্ধুবান্ধবের নীরব-সরব অবহেলা, কটূক্তি, সহিংসতা ও নিপীড়নের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে যায়। ফেসবুকের অতি আস্ফালনমূলক স্ট্যাটাসও অকৃতকার্য ছাত্রছাত্রীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।
শুধু মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নয়
মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মহত্যার একটা অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়। তবে সেটা চলে সারা বছরই। চলতি বছর সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩৬৪ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ১৯৪ জনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ১৩ থেকে ২০ বছর বয়সী কিশোর–কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি, যা মোট আত্মহত্যার ৭৮ দশমিক ৬ শতাংশ।
সমীক্ষার ফলাফল বলছে, এই আট মাসের প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শীর্ষে ছিল ঢাকা বিভাগ। এই সময়ে ঢাকায় ২৫ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তবে ঢাকার জনসংখ্যা আর গণমাধ্যমে সংবাদ আসার সুযোগ এই হার বৃদ্ধির একটা বড় কারণ।
সমীক্ষায় দেখা যায়, মেয়েশিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। আত্মহননকারী শিক্ষার্থীদের মধ্যে ২২১ জন বা ৬০ দশমিক ৭১ শতাংশই ছাত্রী। আর ছেলেশিক্ষার্থী ১৪৩ বা ৩৯ দশমিক ২৯ শতাংশ। এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় যে ছয়জনের আত্মহত্যা নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যেও চারজন মেয়ে।
এবারের কথায় ফিরে আসি
নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০০১ সাল থেকে পাবলিক পরীক্ষায় সূচক পদ্ধতি চালু হয়। এই পদ্ধতি চালু হওয়ার পর ওই বছর সারা দেশে জিপিএ-৫ পায় ৭৬ শিক্ষার্থী। এবার পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এটা নিশ্চয় একটা দৃশ্যমান অর্জন। তবে এবার পাসের হারে ঘাটতি ছিল। কেউ একজন যেন বলেছেন, সব ঘাটতি সংকট নয়। কিন্তু এটা যে কিছু একটার সংকেত দেয়, সেটা কি ভুল?
এবার মাধ্যমিক পাস করেছে মোট পরীক্ষার্থীর ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। কোনো পাস নেই—এবার এমন স্কুলের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এবার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। গত বছরের চেয়ে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৩২টি। শিক্ষার মান বাড়ুক, কমুক শিক্ষার্থীদের হতাশার হার।
গওহার নঈম ওয়ারা লেখক ও গবেষক
ই–মেইল: [email protected]