মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ মাউশির
দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেগুলোতে অবিলম্বে শহীদ মিনার নির্মাণ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিদ্যালয়গুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করতে হবে।
গতকাল বুধবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা এক চিঠিতে মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এতে শহীদ মিনার নির্মাণ করে তার ছবিসহ তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২)–এর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে ১৮ হাজার ৮৭৪টি। এ ছাড়া ১ হাজার ৪২০টি স্কুল অ্যান্ড কলেজ আছে; যেখানে মাধ্যমিক স্তরেও পড়ানো হয়।
তবে, দেশের কতগুলো বিদ্যালয়ে শহীদ মিনার আছে এবং কতগুলোতে নেই সেই তথ্য আজ জানাতে পারেননি মাউশির কর্মকর্তারা।
জানতে চাইলে মাউশির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শহীদ মিনার নির্মাণ করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত আছে। তারই আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী তাঁরা এখন প্রধান শিক্ষকদের এই নির্দেশনা দিয়েছেন।
শহীদ মিনার নির্মাণের খরচ কীভাবে নির্বাহ করা হবে—সে বিষয়ে মাউশির ওই কর্মকর্তা বলেন, বিদ্যালয়গুলোর নিজস্ব তহবিল আছে।