ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য ১০ অক্টোবর থেকে অনলাইনে ফরম বিতরণ শুরু হয়েছে। ভর্তির জন্য ক্যাম্পাসে বা অন্য কোথাও ফরম পাওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ে ফরম জমা নেওয়া হবে না। অনলাইনেই পূরণকৃত ফরমটি জমা দিয়ে ডাকঘরের মাধ্যমে নেওয়া পিনকোড দিলে প্রবেশপত্র পাওয়া যাবে এবং সেটি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীকে বাংলাদেশ ডাক বিভাগের EMO(Electronic Money Order) সুবিধা প্রদানকারী যেকোনো ডাকঘর থেকে ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে A, D ও E ইউনিটের জন্য ৩০০ টাকা এবং B ও C ইউনিটের জন্য ৩৫০ টাকা জমা দিতে হবে। শিক্ষার্থীদের এইচএসসি ও এসএসসির তথ্যসহ (শিক্ষা বোর্ড, রোল নম্বর, পাসের বছর) EMO ফরম পূরণ করতে হবে। নির্ধারিত টাকা প্রদানের পর ডাক বিভাগ এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে ১৬ সংখ্যার একটি গোপন পিন (PIN) নম্বর সরবরাহ করবে। পিন নম্বর প্রাপ্তির ন্যূনতম ৩৬ ঘণ্টা পর আবেদনকারী ওই পিন নম্বর ব্যবহার করে www.jkkniu.edu.bd ওয়েবসাইটে একটি ৩০০ x ৩০০ পিক্সেল সর্বোচ্চ ৫০ KB সাইজ ও JPG ফরমেট ছবি আপলোডসহ অন্যান্য তথ্য পূরণ করলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলি www.jkkniu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।