সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে কোনো প্রশ্ন কমন খুঁজে পাবে না। তবে একটি বিষয়ের সব কটি প্রশ্নই পাঠ্যবইয়ের বিষয়বস্তুর আলোকে হয়ে থাকে। অর্থাত্ পাঠ্যবইয়ে নেই এমন কোনো আলোচ্য বিষয় বা প্রসঙ্গের ওপর প্রশ্ন করা হয় না। সেজন্য এ ধরনের পরীক্ষাপদ্ধতিতে ভালো গ্রেড পেতে হলে শিক্ষার্থী-পরীক্ষার্থীদের প্রধান অবলম্বন হবে পাঠ্যবই। পাঠ্যবইয়ের বিষয়াদিতে যথাযথ অনুশীলন এবং পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণের মাধ্যমে পরীক্ষায় ভালো ফল করার আত্মবিশ্বাস অর্জন করতে হবে।যেকোনো শ্রেণী-ক্লাসের প্রতিটি পাঠ্যবই অনেকগুলো অধ্যায়ে সজ্জিত থাকে। এসব অধ্যায়ের কোনোটি কম আবার কোনোটি বেশি গুরুত্বপূর্ণ এমন ভাবনার অবকাশ নেই। সবকটি অধ্যায় সমান গুরুত্বপূর্ণ। গত বছর যে যে অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, এ বছর ওইসব অধ্যায় থেকে আবারও ভিন্নভাবে প্রশ্ন করা হতে পারে। সুতরাং কোনো বিষয় ও পত্রের সবকটি প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর লিখতে হলে পুরো বইটির বিষয়বস্তু আত্মস্থ করা আবশ্যক। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে কিছু প্রশ্ন করা হয় শিক্ষার্থীদের স্মরণ করার ক্ষমতা জানার জন্য। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত, বিধিপদ্ধতি, বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ইত্যাদি জানা থাকলে এরূপ প্রশ্নের উত্তরদান সম্ভব। সুতরাং বর্ণিত বিষয় বারবার পড়া হলে তা মনে থাকে এবং সঠিকভাবে পরীক্ষার খাতায় উত্তর লেখা যায়।সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পাঠ্যবইয়ের পরিবেশিত কোনো বিষয়ের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান বা কারণ আলোচনা, পরিচিত দুটো উপাদানের মধ্যে তুলনা করা কিংবা কোনো বাক্যাংশের ব্যাখ্যা করা, মর্মার্থ লেখা, কোনো সারবস্তুর বিস্তারিত বিবরণ নিজের ভাষায় লেখা ইত্যাদি প্রশ্ন করা হয়। এরূপ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের তথ্য-উপাত্ত স্মরণে রাখার পাশাপাশি বুঝতে হবে। বুঝতে পারলেই নিজের মতো করে সঠিক উত্তর লেখা সম্ভব। বারবার পড়া, বুঝতে না পারলে শিক্ষক, সহপাঠী, পরিচিতজনদের কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে। সৃজনশীল প্রশ্নপদ্ধতির আরেকটি ধাপে পাঠ্যবইয়ের তত্ত্ব, নিয়ম, বিধি-পদ্ধতি বা সূত্রের প্রয়োগে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের আলোচিত নিয়ম, সূত্র, বিধি বা পদ্ধতিকে বাস্তব বিভিন্ন ঘটনার আলোকে ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। অর্থাত্ বারবার অনুশীলন, নিজের পরিবার, সমাজ, পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানা ও বোঝার মাধ্যমে এ ধরনের প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তরদান সম্ভব।সৃজনশীল প্রশ্নপদ্ধতির সর্বশেষ ধাপে কোনো সমগ্রকে উপাদানে ভেঙে কার্যকারণ সম্পর্ক দেখাতে কিংবা একাধিক উপাদানকে যুক্ত করে একটি সমগ্রতে রূপ দিতে বা কোনো বাস্তব পরিস্থিতিতে লক্ষণীয় কোনো প্রবণতা, ফলাফল সম্পর্কে মতামত দিতে বা কোনো প্রস্তাবনা সমর্থন বা পরিত্যাগ করে যুক্তি উপস্থাপন করতে বলা হয়। এ ক্ষেত্রে পাঠ্যবই-সংশ্লিষ্ট বিষয়কে বাস্তব ঘটনার আলোকে বিচার-বিশ্লেষণ করে দেখা, একটি প্রসঙ্গে সৃষ্ট ঘটনাসমূহের পরম্পরা বুঝতে পারা, বুঝতে পেরে বাস্তবের সঙ্গে মিল করে উত্তরদান ইত্যাদি ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে হবে। এ ব্যাপারে সহায়ক হতে পারে পাঠ্যবইয়ের অনুশীলনী অংশে সংযোজিত নমুনা বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখন। আরও ভালো হয় মডেল সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে দেখানো, পরিশুদ্ধতা যাচাই করা। বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষার প্রশ্নমালায় সংযোজিত সৃজনশীল প্রশ্নগুলো দেখা যেতে পারে। যা মনে রাখবে: ১. পাঠ্যবইয়ের সব অধ্যায় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। ২. বুঝে পড়তে হবে। ৩. পাঠ্যবইয়ের পাশাপাশি সহায়ক বই পড়ার পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। ৪. মানসম্পন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর লিখনের অভ্যাস গড়ে তুলবে। ৫. পাঠ্যবইয়ের তত্ত্ব, বিধি, নিয়ম, সূত্রের বাস্তব ক্ষেত্রে ব্যবহার শিখতে হবে। ৬. বারবার অনুশীলন করে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে। ৭. পূর্ণ-প্রস্তুতি নিয়ে এবং ভয় ও সংশয়ের ঊর্ধ্বে উঠে পরীক্ষার হলে প্রবেশ করা। ৮. পরীক্ষার প্রশ্নপত্র ও উদ্দীপক ভালোভাবে পড়ে বুঝে উত্তর লিখ। ৯. প্রশ্নের নম্বর এবং বরাদ্দকৃত সময়ের প্রতি খেয়াল রেখে উত্তর লিখ।