অনুশীলনই গণিতে পূর্ণ নম্বর পাওয়ার পূর্বশর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে মোট নম্বর (নির্ধারিত) ১০০। এতে তিনটি অংশ থাকে এবং তিনটি অংশ থেকেই নম্বর বণ্টন নির্ধারিত। পাটিগণিত-৩৬, বীজগণিত-৩৬ এবং জ্যামিতি অংশ-২৮। পাটিগণিত থেকে ছয়টি, বীজগণিত থেকে নয়টি এবং জ্যামিতি থেকে চারটিসহ সর্বমোট ১৯টি প্রশ্নের উত্তর দিতে হয়। গণিত পরীক্ষার জন্য মোট সময় বরাদ্দ ৩ ঘণ্টা। তোমরা যদি প্রতিটি অংশের জন্য সময় বণ্টন করে উত্তর প্রদান করো, তবে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা শেষ করা সম্ভব। এই মুহূর্তে যা করণীয়: কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। এ মূহূর্তে প্রথমেই তোমাদের যা দরকার, তা হলো সিলেবাসে প্রশ্নের ধরন ও মানবণ্টন সম্পর্কে সুস্পষ্ট ধারণা। এরপর বিষয়টিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবে। তোমাদের জানতে হবে, কোন অংশ থেকে কীভাবে প্রশ্ন হয়। এ সময় প্রতিদিনের রুটিনে গণিতের জন্য সময় নির্ধারণ অত্যাবশ্যক। গণিত বিষয়ে প্রস্তুতির জন্য প্রতিদিনের রুটিনে কমপক্ষে ৩ ঘণ্টা সময় রাখবে। সিলেবাসে প্রশ্নের ধরন ও মানবণ্টনকে অনুসরণ করে প্রতিদিন একটি করে অংশ এমনভাবে চর্চা করতে হবে, যেন ওই অংশের ধারণা স্পষ্ট হয়। বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগ-কৌশল অবশ্যই প্রতিদিন চর্চা করবে। প্রতিদিনই কমপক্ষে দুটি করে জ্যামিতির চিত্র অঙ্কনসহ বিবরণ লিখবে। জ্যামিতি কখনোই না বুঝে মুখস্থ করবে না। চিত্র সঠিকভাবে আঁকতে শিখবে এবং চিত্র অনুসারে বুঝে বর্ণনা লিখবে। প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করবে। মনে রাখবে, যথাযথ অনুশীলনই গণিতে পূর্ণ নম্বর পাওয়ার পূর্বশর্ত। মনে রোখো: ১। প্রশ্নপত্র পড়ার জন্য পাঁচ মিনিট, রিভিশনের জন্য ১০ মিনিট, মোট (৫+১০) মিনিট বা ১৫ মিনিট সময় বাদ দিয়ে (১৮০-১৫) মিনিট বা ১৬৫ মিনিটের মধ্যে ১৯টি প্রশ্নের উত্তর দিতে হবে। ২। পরীক্ষার জন্য দেওয়া উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে কোনো কিছু লিখবে না।৩। কোনো প্রশ্নের উত্তর কাটাকাটি বা ঘষাঘষি করবে না। ভুল হলে প্রয়োজনে সম্পূর্ণ কেটে আবার লিখবে।৪। উত্তরপত্র জমা দেওয়ার আগে প্রশ্নের সঙ্গে নম্বর ও সংখ্যাগুলো মিলিয়ে নেবে এবং ভালোভাবে রিভিশন দেবে। বেশি নম্বর পেতে হলে নিচের বিষয়গুলোর প্রতি সতর্কতা অবলম্বন করবে: ১। উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।২। আসন্ন উত্তরে প্রায় কথাটি লিখতে হবে। ৩। উত্তর নির্ভুল কিন্তু সমাধানের যেকোনো স্তরে ভুল থাকলে নম্বর কাটা যাবে। ৪। যথাস্থানে ‘সমান চিহ্ন’ (=) বা সেটের চিহ্ন দেবে কিন্তু, ভুল লিখলে কিছু নম্বর কাটা যাবে। ৫। বীজগাণিতিক সমাধান পাটিগণিতের নিয়মে করা যাবে না, কিন্তু পাটিগাণিতিক সমাধান বীজগণিতের নিয়মে করা যাবে। ৬। কোনো বিতর্কিত নিয়মে না করে গতানুগতিক নিয়মে সমাধান করাই উত্তম। ৭। সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ (sidenote) উল্লেখ করবে। ৮। প্রশ্ন নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে। ৯। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে বর্ণনা বা প্রমাণ লিখলে এবং বর্ণনা বা প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে কোনো নম্বর পাবে না। ১০। উপপাদ্যের বিশেষ নির্বাচনের পরে চিত্র দিলে কোনো নম্বর পাবে না। কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। ১১। সম্পাদ্য বা উপপাদ্যে সাধারণ নির্বচন না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না।১২। যেকোনো যুক্তিসংগত জ্যামিতিক প্রমাণ গ্রহণযোগ্য হবে এবং পূর্ণ নম্বর পাবে। ১৩। জ্যামিতির উপপাদ্যের বিকৃত চিত্রাঙ্কন করলে কোনো নম্বর পাবে না। চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেই চলবে। ১৪। জ্যামিতির উপপাদ্যের বিশেষ নির্বচন বা প্রমাণ সঠিক না হলে শুধু চিত্রের জন্য কোনো নম্বর পাবে না। ১৫। সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা ভুল করলে অথবা অঙ্কনের প্রয়োজনীয় চিহ্ন না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু যথাযথ অঙ্কনের চিহ্নসহ চিত্র অঙ্কন করে বর্ণনা না করলেও অঙ্কনের জন্য নির্ধারিত নম্বর পাবে। ১৬। যেসব জ্যামিতিক প্রমাণে একাধিক চিত্র আছে, সেখানে একাধিক চিত্রই দিতে হবে। অন্যথায় নম্বর কাটা যাবে। ১৭। জ্যামিতিক চিত্র পেনসিল দিয়ে আঁকবে। ১৮। গ্রাফের (লেখচিত্রের) অঙ্ক সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে তার পাশে গ্রাফপেপারটি লাগিয়ে দেবে।