অনেক প্রথমের বিশ্ববিদ্যালয়

গুগল, মাইক্রোসফট, অ্যামাজনে আছেন শাবিপ্রবির স্নাতক
বিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের স্নাতকেরা। সিএসই বিভাগের মারুফ মনিরুজ্জামান ও শাহাদাত হোসাইন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেন মাইক্রোসফটে। গুগলে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন সৈয়দ শাহরিয়ার মঞ্জুর, ফরহাদ আহমেদ প্রমুখ। বিখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজনের সঙ্গে আছেন শাবিপ্রবির সাবেক ছাত্র দিবাকর সামন্তসহ অনেকেই।

প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’
তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লেও বাংলাদেশের ও বাংলা ভাষার কোনো সার্চ ইঞ্জিন ছিল না। শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টির প্রয়োজনীয়তা অনুধাবন করেন। তাঁদের দীর্ঘদিনের গবেষণার সুফল পাওয়া যায় ২০১৩ সালে। বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হিসেবে ‘পিপীলিকা’ আত্মপ্রকাশ করে। পিপীলিকার বর্তমান দলনেতা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মাহবুবুর রব তালহা বলেন, চাকরির সুযোগ খোঁজাসহ নতুন নতুন সেবা যুক্ত করে পিপীলিকাকে আরও সমৃদ্ধ করা হয়েছে। এখন গবেষক ও ডেভেলপার হিসেবে আটজন কাজ করছেন।

পর্যটকদের জন্য দর্শনীয় স্থান
৩২০ একরের এই ক্যাম্পাস নানা প্রজাতির গাছ ও টিলায় ঘেরা। সিলেটে বেড়াতে এলে অনেকেই ঢুঁ মেরে যান শাবিপ্রবির ক্যাম্পাসে। প্রধান ফটক থেকে এক কিলোমিটার পর্যন্ত গাছের সারি, স্নিগ্ধ পরিবেশ যে কারও মন ভালো করে দেবে। বঙ্গবন্ধু চত্বর, চেতনা ’৭১, উত্তর দিকের টিলা, ত্রিভুজাকৃতির গ্রন্থাগার ভবন—সবই ঘুরে দেখার মতো। ১০১টি সিঁড়ি ভেঙে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করতেও ভোলেন না পর্যটকেরা।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় টানা তিনবার ওয়ার্ল্ড ফাইনালে
প্রোগ্রামিং প্রতিযোগিতায় সাফল্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন কিছু নয়। দিন-রাত প্রোগ্রামিংয়ের নেশায় বুঁদ হয়ে থাকেন, এমন বহু শিক্ষার্থী পাবেন শাবিপ্রবি ক্যাম্পাসে। জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে নিয়মিত সাফল্যও পাচ্ছেন তাঁরা। টানা গত তিন বছর প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা, এসিএম আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল।

প্রথম ক্যাম্পাসভিত্তিক ফাইবার অপটিক নেটওয়ার্ক
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপিত হয় শাবিপ্রবিতে, ১৯৯৯ সালে। ২০১০ সাল থেকে মেয়েদের আবাসিক হলে এবং পরে ছাত্রদের তিনটি আবাসিক হলে ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এখন সবগুলো শিক্ষাভবন ও পাবলিক প্লেসে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু আছে।’ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান, অধ্যাপক মো. রেজা সেলিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা কম্পিউটারাইজেশন’ নিয়ে গবেষণা চলছে। ১ হাজার ৫০০ গিগাবাইট আকারের সার্ভার স্থাপন করা হচ্ছে।

রোবোসাস্ট: রোবোট ও ড্রোন নিয়ে গবেষণা যাঁদের কাজ
মানবাকৃতির রোবটের যোগাযোগ দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন রোবোসাস্ট দলের সদস্যরা। তাঁদের তৈরি ড্রোন ও রোবট প্রশংসা পেয়েছে দেশ-বিদেশে। রোবোসাস্টের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক মির্জা কামরুল বাশার বলেন, ২০১৩ সালে রোবোসাস্ট যাত্রা শুরু করে। গত কয়েক বছরে দেশ-বিদেশের প্রায় ২১টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানারআপ বা সম্মাননা পদক পেয়েছেন তাঁদের সদস্যরা।
মুঠোফোনে ভর্তিপ্রক্রিয়া চালু
একসময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভর্তির আবেদন ফরম তুলতেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করতেন। ফরম জমা দিতে আবার লাইনে দাঁড়াতে হতো। প্রয়োজনীয় কাগজপত্রের কোনো একটি বাদ পড়লে ভোগান্তি বাড়ত আরও। ২০০৯ সালে প্রথম মুঠোফোনে ভর্তির আবেদনপ্রক্রিয়া চালু করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করেছে শাবিপ্রবি। এখন এই প্রক্রিয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ও অনুসরণ করছে।
ভিনদেশে শিক্ষকতা ও গবেষণায়
শাবিপ্রবির স্নাতকেরা ছড়িয়ে পড়েছেন বিশ্বব্যাপী। তাঁরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা কর্মকাণ্ডে যুক্ত আছেন। কেউ কেউ গবেষণা শেষে দেশে এসে শাবিপ্রবিতেই শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক নাজিয়া চৌধুরী তাঁদের মধ্যে একজন। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে ফিরে এসে এখন তিনি শিক্ষকতা করছেন নিজের বিভাগেই। এ ছাড়াও লাইফ সায়েন্স অনুষদের ডিন ও ছাত্রীদের হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভিনদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাঁরা শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন, তাঁদের মধ্যে কয়েকজনের কথা বলতেই হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন সিএসই বিভাগের স্নাতক আলাউদ্দিন ভূইয়া। নর্থ ক্যারোলিনার উইন্সটন-সালেম স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হয়েছেন সিএসই বিভাগের প্রথম ব্যাচের মোহাম্মদ মুজতবা ফুয়াদ। একই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন দেবযানী দেব। ইউনিভার্সিটি অব টেক্সাসে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাবিপ্রবির সাবেক ছাত্র এম শাহরিয়ার হোসাইন।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক ও ক্যানসার কোষ নিয়ে গবেষণা করছেন রসায়ন বিভাগের স্নাতক মুহম্মদ জহুরুল আলম সিদ্দিকী। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের স্নাতক আয়েশা আরেফিন যুক্তরাষ্ট্রে কৃত্রিম ফুসফুস তৈরির গবেষণা দলে কাজ করছেন। সিএসই বিভাগের স্নাতক ওমর শেহাব ভিজিটিং অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে আছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টিতে। সমাজবিজ্ঞানের স্নাতক আমিনুল ইসলাম সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করছেন। নাসায় কাজ করছেন পদার্থবিজ্ঞানে স্নাতক অমিত বিক্রম দেব। কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইকে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন অর্থনীতি পঞ্চম ব্যাচের মুর্শেদ চৌধুরী। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন সিএসই বিভাগের স্নাতক খন্দকার ইন্তেনাম উনায়েছ আহমেদ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হেভেনে সহকারী অধ্যাপক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন সিএসই স্নাতক ইফতেখার ইবনে বাসিত। ইউনাইটেড আরব অ্যামিরেটস ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন শাবিপ্রবির সাবেক ছাত্র রেজাউল চৌধুরী।
সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড চলে বছরব্যাপী
পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম, খেলাধুলায় অংশ নেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন ৩৯টি সংগঠন সক্রিয় রয়েছে। উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো শিকড়, মাভৈ: আবৃত্তি সংসদ, সাস্ট স্কুল অব ডিবেট, এসইউডিএস, দিক থিয়েটার, কিন, সঞ্চালন, সাস্ট সাহিত্য সংসদ, বিজ্ঞানের জন্য ভালোবাসা, বাইনারি, গ্রিন এক্সপ্লোর সোসাইটি, সাস্ট ক্যারিয়ার ক্লাব, থিয়েটার সাস্ট, রিম, সুপা, আজ মুক্তমঞ্চ, নোঙ্গর, ট্যুরিস্ট ক্লাব, চোখ ফিল্ম সোসাইটি, স্বপ্নোত্থান, সাস্ট সায়েন্স এ্যারেনা, স্পোর্টস সাস্ট, কার্টুন ফ্যাক্টরি, খোলা জানালা, সংশপ্তক নাট্য পরিবার।
আড্ডার প্রাণকেন্দ্র টং দোকানগুলো
ক্লাস-পরীক্ষার ফাঁকে টং দোকানগুলোই শিক্ষার্থীদের আড্ডার প্রাণকেন্দ্র। গত বুধবার শিক্ষাভবন ‘বি’-এর পাশের টংয়ে কথা হলো একদল শিক্ষার্থীর সঙ্গে। সবাই কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নোয়াখালীর হৈমন্তী, সিলেটের মুহতাসিম, চট্টগ্রামের তাওহীদ, ময়মনসিংহের ফাহাদ, নেত্রকোনার ফাহমিদা ছিলেন এ দলে। জানালেন, মামার দোকানের চায়ে চুমুক দিয়ে কিংবা খিচুড়ি খেতে খেতে জমে তাঁদের আড্ডা। শিক্ষাভবন ‘সি’-এর পাশের টংয়ে আড্ডা দিচ্ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সেঁজুতি, নাফিয়া, নাজমুল, আসিফ। বললেন, শিক্ষার্থীদের মধ্যে এখানে বন্ধনটাই অন্য রকম।
একে অন্যের পাশে
বর্তমান বা প্রাক্তন যেকোনো শিক্ষার্থীর বিপদে পাশে থাকে শাবিপ্রবি পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ছাতার নিচে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের স্নাতক খুরশীদ আলম। তিনি বলেন, ২০১০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত পাঁচজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর ক্যানসারসহ জটিল সব রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সহায়তা করেছেন সাস্টিয়ানরা।

সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে
মো. আমিনুল হক ভূইয়া
উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব সময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এসেছে। স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাসের করা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে শাবিপ্রবি।
২৩৮ কোটি টাকার আবাসন ও অবকাঠামোগত ডিপিপি প্রস্তুত করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হয়েছে। এটি পাস হলে শিক্ষাভবন নির্মাণ ও ছাত্রছাত্রীদের বাসস্থানবিষয়ক সুবিধা বিস্তৃত হবে। শিক্ষক-কর্মকর্তাদের আবাসন সমস্যা অনেকাংশে সমাধান হবে।