ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাত্কার ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। এ ছাড়া বিশেষ কোটায় আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাত্কার ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। নিজ নিজ ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাত্কার নেওয়া হবে। সাক্ষাত্কারের সময় মূল সনদপত্র এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান, নম্বরপত্র, প্রবেশপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছে।
একাডেমিক সূত্রে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ৪৬৫টি আসনের মধ্যে ৭৯৯ জন মেধা তালিকা থেকে ভর্তি হয়েছেন। বাকি ৬৬৬টি আসন শূন্য আছে। এ শূন্য আসনগুলো পূরণে অপেক্ষমাণ তালিকায় থাকা উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ফেব্রুয়ারি সকাল নয়টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ডিন অফিসের সভাকক্ষে বিশেষ কোটায় আবেদনকারীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd/muktijodha.php প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর সংবলিত সনদপত্র ও ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় মূল কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।