অবশেষে ছাত্রী ভর্তিতে রাজি ভিকারুননিসা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অবশেষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা ও কলেজ পরিবর্তন হওয়া (মাইগ্রেশনপ্রাপ্ত) ছাত্রীদের ভর্তি করাতে রাজি হয়েছে। ভর্তির জন্য মনোনীত ছাত্রী ও তাদের অভিভাবকদের আন্দোলন এবং শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চাপের মুখে আজ মঙ্গলবার বিকেলে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিকেল সোয়া চারটার দিকে কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, তাঁরা সরকারের আইন-কানুন মেনে চলবেন। এর বাইরে তিনি কিছু বলেননি।
অধ্যক্ষের সঙ্গে কথা বলার পর এই কলেজে মাইগ্রেশনপ্রাপ্ত একজন ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল সকাল ১০টায় তাদের ভর্তি করানো হবে।
এর আগে সকালে ওই ছাত্রীরা ভর্তি হতে গেলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের ভর্তি করাতে রাজি হয়নি। এর প্রতিবাদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বেইলি রোডে কলেজের সামনে অবস্থান নেয়। এ খবর শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের কাছেও যায়। পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কলেজ অধ্যক্ষকে এ বিষয়ে ফোনে ছাত্রীদের ভর্তির নির্দেশ দেন।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, অবশ্যই এই ছাত্রীদের ভর্তি করাতে হবে। কারণ শূন্য আসনের ভিত্তিতেই এ তালিকা করা হয়েছে।
গতকাল সোমবার একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় মেধা তালিকা ও কলেজ পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়। আর কলেজ পরিবর্তন হয় ছয় হাজার ৯২১ জনের।