অবশেষে ফরমের দাম কমাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষে ভর্তি ফরমের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফরমের দাম কমানোর এ সিদ্ধান্ত হয়।

প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ভর্তি ফরমের দাম বাড়ানো নিয়ে চলমান আন্দোলন ও সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশ নেন।

সভায় ‘এ’ ইউনিট ও স্থাপত্যবিদ্যা ছাড়া ‘বি’ ইউনিট অংশের সব বিষয়ে ভর্তি ফরমের দাম ১০০০ টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা করা হয়। আর স্থাপত্যবিদ্যাসহ ‘বি’ ইউনিট অংশের সব বিষয়ের ভর্তি ফরমের দাম ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯০০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন না করার জন্য সব মহলকে অনুরোধ করার সিদ্ধান্তও নেওয়া হয় সভায়।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ভর্তি কমিটির সদস্যসচিব এ এইচ এম বেলায়েত হোসেন প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গত রোববার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‍‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধিবিরোধী শিক্ষার্থী মঞ্চ’–এর আয়োজনে ভর্তির আবেদন ফি কমানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এই বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি ফরমের দাম ছিল ৭৫০ টাকা। এবার ২৫০ টাকা বাড়িয়ে তা ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অপর দিকে স্থাপত্যবিদ্যা ছাড়া ‘বি’ ইউনিটের ফরমের মূল্য ২০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল। আর স্থাপত্যবিদ্যাসহ ‘বি’ ইউনিটের সব বিষয়ের ফরমের দাম গত বছরের চেয়ে ৩০০ টাকা বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।