অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকাশিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা প্রথমবারের মতো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছ। তাই মনে একটু ভয় লাগতেই পারে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সব সময় মনে রাখবে, তোমরা পড়াশোনায় ঠিক যতটা সময় দেবে, ততটাই ফল পাবে। পরীক্ষার আগের দিন সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাবে।অভিভাবকের প্রতি: অভিভাবকেরা সব সময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন। তাদের ওপর কোনো বাড়তি চাপ দেবেন না। পরীক্ষার রুটিনটা যেন তাদের পড়ার টেবিলের সামনে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তারা যেন ভয় না পায়, সেদিকেও খেয়াল রাখবেন। পরীক্ষার দিন প্রবেশপত্র, কলম, পানির বোতল, রুমালসহ প্রয়োজনীয় জিনিস যেন নিয়ে যায়, তা দেখে নেবেন। আগের দিন বেশি রাত পর্যন্ত যেন পড়ালেখা না করে, সেদিকেও খেয়াল রাখবেন।পরীক্ষার আগের দিন: পরীক্ষার আগের দিন বেশি রাত পর্যন্ত পড়ালেখা না করাই ভালো। রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। রাতে যেন কোনো নতুন প্রশ্ন না পড়া হয়, সেদিকে খেয়াল রাখবে। যা পড়া আছে, তা ভালোভাবে রিভিশন দাও।পরীক্ষার হলে: পরীক্ষার হলে যে কাজটা তোমাকে প্রথমে করা লাগবে তা হলো, তোমার আশপাশে যেন কোনো কাগজের টুকরো না থাকে, সেদিকে খেয়াল রাখবে। পরীক্ষা চলার সময় চারপাশে তাকানো যাবে না। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো, তবুও না তাকানোই ভালো। যে প্রশ্ন খুব সহজ মনে হয়, সেটা প্রথমে লিখবে। প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে লেখাই ভালো।পরীক্ষার খাতা: খাতা পাওয়ার পর অবশ্যই পুরো খাতা একবার দেখে নেবে, কোথাও কোনো ছেঁড়াফাটা আছে কি না। প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে পুরো খাতায় মার্জিন দেবে। নম্বর দেওয়ার জন্য যেন জায়গা থাকে, তেমন করে মার্জিন দেবে। কালো বলপয়েন্ট কলম দ্বারা লেখা ভালো। লাল কালি কোনোভাবেই ব্যবহার করা যাবে না।হাতের লেখা: হাতের লেখা সুন্দর হওয়া দরকার, তবে যদি তুমি সুন্দর করে গুছিয়ে সঠিক কথাটি লেখো। তাহলে হাতের লেখা এতটা গুরুত্বপূর্ণ নয়। লেখা খারাপ হলে তুমি পরীক্ষার হলে ভালো করতে পারবে না। তাই তোমাকে সুন্দর করে গুছিয়ে লেখা উচিত। আর ফাঁকা ফাঁকা করে লেখা ভালো। একটা প্রশ্নের উত্তর লেখা শেষ করার পর অন্যটি লিখবে।বিজ্ঞানের বিষয়: বিজ্ঞানের বিষয়গুলোর উত্তর অবশ্যই ভালোভাবে দেবে, তবে চিত্র দিতে হবে। চিত্র আঁকার প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে যেতে হবে।