
‘দক্ষ সংগঠক’ শব্দটিকে তিনি প্রায় নিজ নামের সমার্থক বানিয়ে ফেলেছেন! সেটা ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী বা সাংস্কৃতিক সংঘ হোক, কিংবা হোক রোবট কারিগরদের সংগঠন—তাঁর উপস্থিতি সবখানেই। এই সংগঠকের নাম আশিকুর রহমান। তবে পরিচিত মহলে তাঁকে সবাই অমিত নামেই চেনে। তিনি শুধু সংগঠকই নন, রম্য লেখক হিসেবেও তাঁর খ্যাতি ক্যাম্পাসজুড়ে। আর তাই আড্ডায় তাঁর উপস্থিতি মানেই বন্ধুদের উছলে পড়া হাসি! অমিত যন্ত্রকৌশল বিভাগে চতুর্থ বর্ষে পড়ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। এর আগে চৌকাঠ পেরিয়েছেন রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুল ও নিউ গভ. ডিগ্রি কলেজের। স্কুল, কলেজ থেকেই তিনি নিজেকে চিনিয়েছেন অন্যদের থেকে আলাদা করে। নিজের সম্পর্কে আশিকুর বলেন, ‘ভিন্ন ধাঁচের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে। তাই বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়ে যাই। গল্পের বই পড়ি প্রচুর। আর রম্য? সে তো জীবনেরই অংশ!’
আশিকুর রুয়েট রোবটিক সোসাইটির সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমানুপাতিক’-এর সমন্বয়ক, মোজিলা ও মোজিলা বাংলাদেশের সক্রিয় স্বেচ্ছাসেবক এবং প্রকৌশল শিক্ষার্থীদের সংগঠন ‘ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর রুয়েট সমন্বয়ক। এ ছাড়া বন্ধুরা মিলে স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও গণিত চর্চা বাড়ানোর জন্য কাজ করছেন ‘প্রচেষ্টা’ নামের সংগঠনের হয়ে।
আশিকুর বলেন, ‘স্বেচ্ছাসেবামূলক কাজ করতে আমার ভালো লাগে, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজগুলোতে সব সময় যুক্ত হতে চেষ্টা কির।’ আর এসব কাজের সঙ্গে যুক্ত থেকে আশিকুর অর্জন করেছেন কিছু স্বীকৃতিও। তাঁর মধ্যে জাইকা-বুয়েট আয়োজিত ইকোরান বাংলাদেশ ২০১৩-এর ফুয়েল এফিসিয়েন্ট কার কম্পিটিশনে থ্রি হুইলার সেকশনে প্রথম রানারআপ দলের সদস্য ছিলেন তিনি। ছিলেন রুয়েটে আয়োজিত রোবো রান প্রতিযোগিতায় প্রথম রানারআপ।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশিকুর বলেন, ‘আমি প্রকৌশলী হিসেবে শুরু করতে চাই কর্মজীবন। আর এ ক্ষেত্রে নিজের অর্জিত জ্ঞানটুকু দেশের উন্নয়নে ব্যয় করতে চাই।’