অর্থনীতি
সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়-৭ প্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ৭ নম্বর অধ্যায়ের ’অর্থ ও ব্যাংক ব্যবস্থা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষযবস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করো। উত্তর: ভূমিকা: আধুনিক অর্থব্যবস্থার সেরা উপহার হলো ব্যাংকব্যবস্থা। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক গুরুত্বপূর্ণ কাজ করে। একটি দেশে বিদ্যমান বিভিন্ন ধরনের ব্যাংকের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচয় ও কার্যাবলি নিচে দেওয়া হলো।কেন্দ্রীয় ব্যাংক: দেশের সার্বিক আর্থিক বাজার নিয়ন্ত্রণ করতে যে ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আরও ব্যাপকভাবে এর সংজ্ঞা প্রদান করলে দেখা যায়, যে ব্যাংকপ্রতিষ্ঠান সমস্ত ব্যাংক ব্যবসাকে নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক অবস্থাকে সুষ্ঠু, শক্তিশালী ও স্থিতিশীল করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থনীতিবিদ ডি কক বলেন, ‘মুনাফার দিকে লক্ষ্য না রেখে জনসাধারণ ও সমগ্র দেশের মঙ্গলের জন্য কাজ করাই কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা।’অধ্যাপক আর পি কেন্টের মতে, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণসাধনের জন্য দেশে প্রচলিত মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে।’জেম স্টিফেনসন বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংকপ্রতিষ্ঠান যা দেশের সার্বিক কল্যাণসাধনের লক্ষ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন থেকে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্যস্তর স্থিতিশীল রাখতে সচেষ্টা হয়।’বর্তমানে পৃথিবীর প্রত্যেক দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। যেমন, ইংল্যান্ডের ব্যাংক অব ইংল্যান্ড, আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম, ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি: নোট প্রচলন: বর্তমানকালে সব দেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। বাংলাদেশে এ দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পণ করা হয়েছে। কাগজি নোট প্রচলনের জন্য বাংলাদেশ ব্যাংক শতকরা ৩০ ভাগ বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে। অন্যান্য দেশেও নোট প্রচলনের ক্ষেত্রে এরূপ রিজার্ভ রাখার নিয়ম রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দেশে অর্থের জোগান ও দাম স্তর নিয়ন্ত্রণের জন্য নোট প্রচলন কমবেশি করে। সরকারের কাজ করা: কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে। সরকারের সকল প্রকার আয় কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়। প্রয়োজনবোধে সরকার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে। এ ছাড়া ব্যাংক সরকারি ঋণ গ্রহণ ও পরিশোধ করে। অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা। অন্য ব্যাংকগুলো তাদের আমানতের কিছু অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। যেমন, ব্যাংকিং আইন অনুযায়ী বাংলাদেশের প্রতিটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে তার চলিত ও স্থায়ী আমানতের শতকরা পাঁচ ভাগ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোকে নানা ধরনের আদেশ-উপদেশের মাধ্যমে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। সর্বশেষ ঋণদাতা: জনসাধারণকে বেশি ঋণদান অথবা অন্য কোনো কারণে বাণিজ্যিক ব্যাংক কোনো সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন বোধ করতে পারে। এই আর্থিক সংকটের সময় বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো উৎস থেকে ঋণ লাভে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে তাদেরকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়। বিনিময় হার ঠিক রাখা: কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার সঙ্গে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। ব্যবসায়-বাণিজ্যের সুবিধার জন্য এ বিনিময় হার যাতে স্থিতিশীল থাকে, কেন্দ্রীয় ব্যাংক সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে এ ব্যাংক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয়-বিক্রয় করে থাকে। নিকাশ ঘর: দৈনন্দিন ব্যবসায়-বাণিজ্য ও লেনদেনের কারণে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চেকের আদান-প্রদান হয়। ফলে আন্তব্যাংকিং দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ জমা থাকে তার দ্বারা কেন্দ্রীয় ব্যাংক এ রকম দেনা-পাওনার নিষ্পত্তি করে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ‘নিকাশ ঘর’ বলা হয়। ঋণ নিয়ন্ত্রণ: ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ যাতে অতিরিক্ত ঋণ প্রদান করে মুদ্রাস্ফীতি না ঘটায় কিংবা ঋণের পরিমাণ হ্রাস করে মুদ্রা সংকোচন না আনে তার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজন অনুসারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থনৈতিক গবেষণা: কেন্দ্রীয় ব্যাংক অর্থ এবং অর্থনৈতিক ব্যাপারে গবেষণা চালায় এবং দরকারি তথ্য সংগ্রহ করে সরকারকে পরামর্শ দেয়। অর্থনৈতিক তথ্য-সম্পর্কিত পুস্তক প্রকাশ করে এ ব্যাংক সরকারের নীতিনির্ধারণে বিশেষ সহায়তা করে। অর্থনৈতিক উন্নয়ন: কেন্দ্রীয় ব্যাংক অনুন্নত দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সাহায্য করে এবং কৃষি ও শিল্পের উন্নতিতে নিবেদিত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তহবিল সরবরাহ ও পরামর্শ দান করে। অন্য কার্যাবলি: কেন্দ্রীয় ব্যাংক উপরিউক্ত কার্যাবলি ছাড়াও নিম্নোক্ত কাজ করে থাকে। নিজ দেশের মুদ্রাভান্ডার ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরূপে কাজ করে। (খ) অর্থসংক্রান্ত ব্যাপারে গবেষণা চালায়। (গ) স্বর্ণ, রৌপ্য ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে প্রভৃতি। উপসংহার: সার্বিক পর্যালোচনায় বলা যেতে পারে, প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক নানারূপ গুরুত্বপূর্ণ কার্যকলাপ সম্পন্ন করে। মুনাফা অর্জন নয়, বরং সরকারের আর্থিক নীতি যথাযথভাবে কার্যকর করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। ডি ককের ভাষায়, ‘কেন্দ্রীয় ব্যাংকের মূলনীতি হচ্ছে দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণসাধন, মুনাফা অর্জন নয়।’ # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১৬: সঠিক উত্তর: ১। ক, ২। খ, , ৩। ক, ৪। ক, ৫। গ, ৬। গ, ৭। ক, ৮। গ, ৯। খ, ১০। খ, ১১। খ, ১২। খ, ১৩। ক, ১৪। খ, ১৫। ক, ১৬। খ। ১৭। খ, ১৮। ক, ১৯। খ, ২০। ক।