অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষিকাশেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়-৭ প্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ৭ নম্বর অধ্যায়ের ’অর্থ ও ব্যাংক ব্যবস্থা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষযবস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করো। উত্তর: ভূমিকা: ব্যাংকব্যবস্থার অন্যতম শ্রেণী হলো বাণিজ্যিক ব্যাংক। বিবিধ ধরনের ব্যবসায়-বাণিজ্যে সরাসরি অংশগ্রহণপূর্বক এ ব্যাংক জাতীয় অর্থনীতির প্রবাহকে স্বাভাবিক রাখে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংক: যে ব্যাংক জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে রাখে এবং ব্যবসায়-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদি ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। অর্থনীতিবিদ কেয়ার্নক্রস বলেন, ‘বাণিজ্যিক ব্যাংক দেনা-পাওনার মধ্যস্থতা করে। অর্থাৎ একজনের নিকট থেকে আমানত গ্রহণ করে অন্যজনকে দেয়।’ বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। জনসাধারণের জমাকৃত অর্থের ওপর ব্যাংক কম হারে সুদ দেয়। অন্যদিকে ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্যাংক অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে। উভয় সুদের মধ্যে পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। নিজস্ব কিছু অর্থ থাকলেও এ ব্যাংকের তহবিলের সিংহভাগ অর্থ আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত। চাওয়া মাত্র এ অর্থ আমানতকারীকে ফেরত দিতে বাধ্য থাকে বলে বাণিজ্যিক ব্যাংক কেবল স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে। এ জন্যই বাণিজ্যিক ব্যাংককে ‘স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী’ বলা হয়। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড ইত্যাদি আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি: ১. আমানত গ্রহণ করা: বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকার। (ক) চলতি আমানত: যে আমানতের অর্থ যেকোনো সময় তোলা যায় তাকে চলতি আমানত বলে। এই আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। (খ) সঞ্চয়ী আমানত: সঞ্চয়ী আমানত থেকে সপ্তাহে একবার বা দুইবার অর্থ ওঠানো যায়। এ জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে। (গ) স্থায়ী আমানত: স্থায়ী আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখতে হয়। এ আমানতের ওপর অপেক্ষাকৃত বেশি সুদ দেওয়া হয়। ২. ঋণদান করা: ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ হলো ঋণ প্রদান করা। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট শতাংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে। ব্যাংক সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এই ঋণদান করে। ৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি: বর্তমানকালে দেশে নোট প্রচলনের ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর চেক প্রভৃতি ঋণপত্র ইস্যু করে। এসব ঋণপত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ফলে ব্যবসায়-বাণিজ্য ও অন্যান্য লেনদেন গতিশীল হয়। উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেন এসব বিনিময়ের মাধ্যম দ্বারা সম্পন্ন হয়। ৪. অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করা: বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই বৈদেশিক বাণিজ্যের যাবতীয় কাজ পরিচালিত হয়। ৫. হুন্ডি বাট্টা করা: বাট্টা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আর একটি গুরুত্বপূর্ণ কাজ। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই টাকার প্রয়োজন হলে হুন্ডির মালিক বাণিজ্যিক ব্যাংক থেকে হুন্ডি ভাঙিয়ে টাকা পেতে পারে। ৬. অর্থ স্থানান্তর করা: বাণিজ্যিক ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে ও দ্রুত অর্থ প্রেরণ করে থাকে। চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক ও টেলিগ্রাফ প্রভৃতির মাধ্যমে ব্যাংক মক্কেলদের অর্থ স্থানান্তর করে। ৭. সঞ্চয় বৃদ্ধি: জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জমা হয়। ব্যাংক এ অর্থ ব্যবসায় ও উৎপাদনক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। ফলে দেশের সঞ্চয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ৮. অন্যান্য কাজ: উপরি-উল্লিখিত কার্যাবলি ছাড়াও বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের সুবিধার্থে যে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: (ক) গ্রাহকদের প্রতিনিধি হিসেবে বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার, ক্রয়-বিক্রয় করে। (খ) বাড়ি ভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, টেলিফোন ও বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধ করে। (গ) মূল্যবান অলংকার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে। (ঘ) গ্রাহকদের অছি হিসেবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে। (ঙ) মক্কেলদের আর্থিক স্বচ্ছলতার সনদপত্র প্রদান করে। (চ) আমানতকারীদের অনুরোধে তাদেরকে বিবিধ বিষয়ে পরামর্শ প্রদান করে। (ছ) ব্যাংক কোম্পানির ঋণ অবলেখন করে থাকে। উপসংহার: বাণিজ্যিক ব্যাংক উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের মাধ্যমে দেশের আধুনিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি দেশের ব্যবসায়-বাণিজ্যের অন্যতম প্রধান সহায়ক। দেশের অর্থনৈতিক উন্নতি ও বিকাশের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বৃদ্ধি পায়।