অর্থনীতি
সৃজনশীল পদ্ধতিপ্রিয় ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ে সৃজনশীল পদ্ধতি এবং সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয় হিসেবে অর্থনীতি কিংবা পৌরনীতি এর যে কোনো একটি বিষয় অধ্যয়ন করতে হয়। অর্থনীতি বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্র দুটি অংশে বিন্যস্ত থাকে। প্রথম অংশ ‘ক’ বিভাগ (তত্ত্বীয়), দ্বিতীয় অংশ ‘খ’ বিভাগ (বাংলাদেশ)। এই ক বিভাগে ৫টি এবং খ বিভাগে ৪টি সৃজনশীল প্রশ্ন যুক্ত থাকে। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে ২টি করে সর্বমোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হয়।এটা ধারণা করা হয় যে, এ বিষয়ের তত্ত্বীয় অংশে সঠিকভাবে উত্তর লিখতে পারলে প্রতিটি প্রশ্নে পূর্ণ নম্বর (১০০ শতাংশ) পাওয়া গেলেও বাংলাদেশ অংশের কোনো প্রশ্নে খুব ভালো লিখেও পূর্ণ নম্বর পাওয়া যায় না। আসলে এটা ভ্রান্ত ধারণা। সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রতিটি প্রশ্নের অংশ এমনভাবে বিন্যস্ত যে এর নম্বর অনুসারে উত্তরের বিভাজন আছে। একটি প্রশ্নের উত্তরের জন্য কখন পূর্ণ নম্বর এবং কখন আংশিক নম্বর দিতে হবে, তা নির্দিষ্ট করা আছে। সে জন্য উত্তরপত্র মূল্যায়নকারী ইচ্ছা করলেই কম বা বেশি নম্বর দিতে পারেন না। সুতরাং এসএসসি পরীক্ষার মানের সৃজনশীল প্রশ্ন এবং এর নমুনা উত্তরের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় থাকা দরকার। এ কথা ভেবে নিচে অর্থনীতি বিষয়ের বাংলাদেশ অংশের বাংলাদেশের কৃষি ও শিল্প-এর বিষয়বস্তুর ওপর একটি সৃজনশীল প্রশ্ন ও এর নমুনা উত্তর দেওয়া হলো:বাংলাদেশের মোট দেশজ উৎ পাদনে (জিডিপি) কৃষির অবদান ২০ দশমিক ৬০ শতাংশ এবং শিল্পের অবদান ২৯ দশমিক ৭৩ শতাংশ। জিডিপিতে শিল্পের তুলনায় কৃষির অবদান কম হলেও বিপণন, সংরক্ষণ, পরিবহন ইত্যাদি খাতে কৃষির পরোক্ষ অবদান রয়েছে। দেশের মোট শ্রমশক্তির ৪৮ দশমিক ৪ শতাংশ কৃষিতে। ২৪ দশমিক ৩ শতাংশ শিল্পে এবং ১৪ দশমিক ২ শতাংশ সেবা খাতে নিয়োজিত আছে। তা ছাড়া পাট, চিনি, চা ইত্যাদি বৃহৎ শিল্প কৃষিতে উৎ পাদিত কাঁচামালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধনে সরকার কৃষির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। [তথ্য সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০০৯]ক. কৃষি পৃথিবীর কোন শ্রেণীর দেশের প্রধান পেশা?খ. আত্মপোষণের জন্য কৃষিকাজ বলতে কী বোঝায়?গ. অনুচ্ছেদে বর্ণিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত নীতি মূল্যায়ন করো। উত্তর: ক. পৃথিবীর অধিকাংশ উন্নয়নশীল দেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। উত্তর: খ. উদ্দেশ্যের দিক থেকে কৃষিকে আত্মপোষণ ও বাণিজ্যিক কৃষি—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আত্মপোষণের জন্য কৃষিকাজ বলতে মূলত পারিবারিক ভোগের জন্য কৃষি উৎ পাদন করা বোঝায়। এরূপ কৃষিকাজের দ্বারা কৃষক কেবল নিজ পরিবারের কাজে লাগে এমন দ্রব্য উৎ পাদন করে। এই কৃষিকাজে মালিক নিজেই চাষাবাদে অংশগ্রহণ করে থাকে। উত্তর: গ. অনুচ্ছেদে প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের তুলনায় কৃষির প্রত্যক্ষ অবদান কম হলেও পরোক্ষ অবদান বেশি। দেশের মোট শ্রমশক্তির বড় অংশ (৪৮ দশমিক ৪ শতাংশ) কৃষিতে নিয়োজিত। দেশের বৃহদায়ন শিল্পের মধ্যে পাট, চা, চিনির মতো গুরুত্বপূর্ণ শিল্প কৃষির কাঁচামালের ওপর নির্ভরশীল। আবার দেশে বিভিন্ন যানবাহনে পরিবহনকৃত মালামালের বড় অংশ কৃষিজাত দ্রব্যসামগ্রী। এই কৃষিজাত দ্রব্যসামগ্রী পরিবহন ও বিপণনের সঙ্গে বিপুলসংখ্যক জনগোষ্ঠী জড়িত। দেশে যদি কৃষির ফলন ভালো হয় তাহলে কৃষকের আয় বৃদ্ধি পায়। এই আয় বৃদ্ধির ফলে কৃষকের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়ে শিল্পপণ্যের চাহিদা বাড়ে। তাতে শিল্পের উৎ পাদন সম্প্রসারিত হয়ে কৃষিতে উৎ পাদিত কাঁচামালের চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা বৃদ্ধি কৃষিজ পণ্যের দাম বৃদ্ধি করে কৃষকের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি করে। অর্থাৎ কৃষি সমৃদ্ধির ওপর দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে। আর তাই বলা যায় বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এই কৃষিনির্ভরতাকে বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য বলা যায়। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল