অর্থনীতি
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# আতিক একজন কর্মক্ষম ও উদ্যমী যুবক। তিনি সামান্য পুঁজি নিয়ে মনিহারি দোকান শুরু করেন। তিনি মেধা ও শ্রম দিয়ে অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যবসা দাঁড় করাতে সক্ষম হন এবং প্রচুর লাভবান হন। গত বছর তাঁর নেতৃত্বে আরও পাঁচ বন্ধুকে নিয়ে একটি বড় আকারের ডেইরি ফার্ম শুরু করেন।ক. ১৯৭৪ সালে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করত?খ. শ্রম বিভাগ কী? বুঝিয়ে বলো।গ. আতিক প্রথম পর্যায়ে যে ব্যবসা শুরু করেন তা কোন ধরনের ব্যবসা? ব্যাখ্যা করো।ঘ. গত বছর আতিক যে ব্যবসা শুরু করেছেন তার গুরুত্ব তোমার নিজের ভাষায় লিখ।উত্তর: ক. ১৯৭৪ সালে প্রতি বর্গকিলোমিটারে ৪৯৭ জন লোক বাস করত।উত্তর: খ. শ্রম বিভাগ হলো কোনো দ্রব্যের উৎপাদন-প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকদের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী তাঁদের মধ্যে একেকটি অংশের কাজ একেকজন বা দলের ওপর ন্যস্ত করাকে বোঝায়। যেমন, একটি আধুনিক জুতা তৈরির কারখানায় কেউ চামড়া শোধন করে, কেউ বা কাটে, কেউ জুতার সোল তৈরি করে, কেউ সেলাই করে, কেউ পালিশ করে ইত্যাদি। কোনো উৎপাদনক্ষেত্রে এভাবে কাজ ভাগ করাকে শ্রম বিভাগ বলা হয়। শ্রম বিভাগ বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও উৎপাদনের উৎকর্ষতার সঙ্গে সম্পৃক্ত।উত্তর: গ. আতিক প্রথম পর্যায়ে যে ব্যবসা শুরু করেন তা এক মালিকানা কারবার। কেননা, তিনি নিজেই মালিক এবং তিনিই একমাত্র মালিক।এক মালিকানা কারবার বলতে বোঝায় যে ব্যবসা প্রতিষ্ঠানে একজন মাত্র মালিক থাকেন এবং তিনি নিজে একক উদ্যোগে পুঁজি সংগ্রহ, ঝুঁকি বহনসহ ব্যবসায়ের যাবতীয় দায়িত্ব পালন করে থাকেন। এ ধরনের ব্যবসায়ে মালিক একাই লাভ-ক্ষতির ভাগী হন বলে কারবারে তাঁর দায়দায়িত্ব অসীম। সাধারণত মাঝারি ও ছোট আকারের কারবার এক মালিকানাভিত্তিক হয়ে থাকে।দৃশ্যকল্পে আতিক প্রথমে সামান্য পুঁজি নিয়ে একটি মনোহারি দোকান শুরু করেন। তিনি একজন কর্মক্ষম ও উদ্যমী যুবক। স্বীয় মেধা ও শ্রম দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি প্রচুর লাভবান হন, যা এক মালিকানা কারবারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে আতিক সামান্য পুঁজি নিয়ে প্রথমে যে ব্যবসা শুরু করেন, সেটি এক মালিকানা কারবার।উত্তর: ঘ. গত বছর আতিক যে ব্যবসা শুরু করেছেন, তার গুরুত্ব অপরিসীম। কেননা মানুষ যে তাঁর কর্মদক্ষতা দিয়ে উন্নতির শিখরে আরোহণ করতে পারেন, সে বিষয়ে আতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আতিক গত বছর যে ব্যবসা শুরু করেছেন সেটি অংশীদারি কারবার। দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারের দায়দায়িত্ব, কারবারের অর্থ সংগ্রহ, লাভ-লোকসান, নতুন অংশীদার গ্রহণের শর্ত প্রভৃতি প্রয়োজনীয় বিষয়গুলো চুক্তিতে উল্লেখ থাকে। এ কারবারে কমপক্ষে দুইজন এবং সর্বাধিক ২০ অংশীদার থাকতে পারেন। অংশীদারেরা সম্মিলিতভাবে অথবা সব সদস্যের পক্ষ থেকে এক বা একাধিক সদস্য এ কারবার পরিচালনা করতে পারেন।এ ধরনের কারবারের গুরুত্ব অনস্বীকার্য। সম্মিলিত প্রচেষ্টা বলে এ কারবারে বেশি পুঁজি সংগ্রহ করা সম্ভব। ফলে অংশীদারি কারবারে বড় ধরনের ব্যবসা পরিচালনা করা সম্ভব। যৌথ সিদ্ধান্ত নেওয়া যায় বলে নিখুঁত ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যায়। ফলে বাংলাদেশের মতো দেশে কর্মসংস্থান বৃদ্ধি আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এ ধরনের ব্যবসার গুরুত্ব অপরিসীম।আতিক একজন উদ্যমী যুবক। প্রথমে তিনি স্বল্প পুঁজি নিয়ে এক মালিকানা কারবার শুরু করলেও তিনি তাতে অভূতপূর্ব সফলতা পান। এতে তাঁর ওপর আস্থা রেখে অপর পাঁচ বন্ধু তাঁর নেতৃত্বে অংশীদারি কারবার শুরু করেন। তাঁর কার্যক্রমে অন্য বন্ধুরাও অনুপ্রাণিত হন। ফলে গতবছর আতিক যে অংশীদারি ব্যবসা শুরু করেন, তার গুরুত্ব অনস্বীকার্য।