অর্থনীতি
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# সফিনা বেগম একজন অসহায় বিধবা মহিলা। তিনি তাঁর এক আত্মীয়ের পরামর্শে ব্যাংক থেকে ৫,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। তিনি সে টাকা দিয়ে বাঁশ ও বেত ক্রয় করে তাঁর ছেলে জাহিদের সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের ঝুড়ি ও ফুলদানি তৈরি করে তা বাজারে বিক্রি করে প্রচুর লাভবান হন। কয়েক বছরের মধ্যে তিনি প্রচুর সম্পদের মালিক হন। এভাবে তিনি ব্যাংক থেকে বড় আকারের ঋণ গ্রহণ করে একটি রাইস মিল গড়ে তোলেন।ক. মেশিন টুলস কারখানা কোথায় অবস্থিত?খ. EPZ কী? বুঝিয়ে লেখো।গ. সফিনা বেগম প্রথম যে শিল্প গড়ে তোলেন তার প্রকৃতি কী? ব্যাখ্যা করো।ঘ. দ্বিতীয় পর্যায়ে সফিনা বেগম যে শিল্প গড়ে তোলেন, তার গুরুত্ব বর্ণনা করো।উত্তর: ক. মেশিন টুলস কারখানা গাজীপুরে অবস্থিত।উত্তর: খ. EPZ-এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Export Processing Zone. দেশের শিল্পপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং শিল্পক্ষেত্রে বিদেশি পুঁজি বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা স্থাপন করা হয়েছে। এ এলাকায় প্রতিষ্ঠিত শিল্পগুলোকে মোটামুটিভাবে অবাধ বাণিজ্যের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। এটি বাংলাদেশ শিল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।উত্তর: গ. সফিনা বেগম প্রথম যে শিল্প গড়ে তোলেন, সেটি কুটিরশিল্প। যে শিল্পে স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, অল্প শ্রমিক এবং পারিবারিক পরিবেশে পণ্য তৈরি হয়, সেটাই কুটিরশিল্প। বাংলাদেশের প্রেক্ষাপটে এই কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম। এ শিল্প সহজেই ঘরোয়া পরিবেশে স্থাপন করা সম্ভব হয়। এ শিল্পে বেশির ভাগ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার হয় না। উৎপাদন কৌশল পুরোনো আমলের বিধায় সহজেই তা আয়ত্ত করা যায়।দৃশ্যকল্পে সফিনা বেগম তাঁর এক আত্মীয়ের পরামর্শে ব্যাংক থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়ে নিজ সন্তানকে নিয়ে বাড়িতে বসেই বাঁশ ও বেতের ঝুড়ি ও ফুলদানি তৈরি করে তা বাজারে বিক্রি করে প্রচুর লাভবান হন। তার মানে সফিনা বেগম স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, পরিবারের সদস্য এবং নিজের বাড়িতে ঝুড়ি ও ফুলদানি তৈরি করেন। এই শিল্পটিতে কুটিরশিল্পের সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। অতএব সফিনা বেগমের শিল্পটি একটি কুটিরশিল্প।উত্তর: ঘ. দ্বিতীয় পর্যায়ে সফিনা বেগম যে শিল্প গড়ে তোলেন তার গুরুত্ব অনস্বীকার্য। দ্বিতীয় পর্যায়ে সফিনা বেগম ক্ষুদ্র শিল্প গড়ে তোলেন। কম মূলধনের তুলনায় বেশিসংখ্যক লোক নিয়োগ করা হয় যে শিল্পে সেই সব শিল্পকে ক্ষুদ্রায়তন শিল্প বলে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। সফিনা বেগমের দ্বিতীয় পর্যায়ে স্থাপিত রাইস মিলটিতে প্রচুর লোক কাজ করতে পারবে। এমনভাবে নতুন নতুন কারখানা স্থাপন হলে বেকারত্ব হ্রাস পাবে।বাংলাদেশ অত্যন্ত জনবহুল দেশ। আয়তনের তুলনায় এখানে প্রচুর লোক বাস করে। নতুন নতুন শিল্পকারখানা গড়ে না ওঠায় বেকারত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সফিনা বেগম পরে যে শিল্পটি স্থাপন করেন, সেটি একটি ক্ষুদ্রশিল্প। তাঁর এ শিল্পে আত্মীয়স্বজন ছাড়াও গ্রামের নারী-পুরুষেরা কাজ করতে পারবে। তাঁর দেখাদেখি অনেকে তাঁর মতো শিল্প স্থাপনে উৎসাহিত হবে। এভাবে দেশে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। সুতরাং সফিনা বেগমের দ্বিতীয় পর্যায়ে স্থাপিত শিল্পটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।