অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর  প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# বাংলাদেশের স্বাধীনতা লাভের ৪০ বছর পার হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। কৃষি উত্পাদন, জনশক্তি রপ্তানিতে অগ্রগতি হয়েছে ঈর্ষণীয়! শিল্পোত্পাদন, আমদানি-রপ্তানিতেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এতত্সত্ত্বেও এ দেশের বিপুল পরিমাণ মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। তাদের আয় কম বলে সঞ্চয় কম। এ দেশের অর্থনীতিবিদেরা একে একটি বিশেষ অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে তাঁরা ব্যাপক হারে শ্রমনিবিড় শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।ক. ‘অর্থনীতি বিষয়ে সামান্যতম জ্ঞান ছাড়া কোনো ব্যক্তিই সত্যিকার অর্থে সুনাগরিক হতে পারে না’ উক্তিটি কে করেছেন?খ. দামব্যবস্থা কী, বুঝিয়ে লেখো।গ. অর্থনীতিবিদেরা যে বিশেষ ব্যবস্থা চিহ্নিত করেছেন, অর্থনীতিতে তাকে কী বলা হয়, তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।ঘ. এ বিশেষ অবস্থা থেকে বেরিয়ে আসতে অর্থনীতিবিদেরা যে পরামর্শ দিয়েছেন, তা কী যথাযথ বলে তুমি মনে করো? মূল্যায়ন করো।উত্তর: ক. বারবারা উটন।উত্তর: খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজকর্মের ওপর কোনো সরকারি বিধিনিষেধ থাকে না। উত্পাদনের বিভিন্ন ক্ষেত্রে কোন দ্রব্য কীভাবে ও কী পরিমাণে উত্পাদিত হবে, তা নিজ নিজ ক্ষেত্রে উত্পাদনকারী স্বাধীনভাবে নির্ধারণ করে। ভোগের ক্ষেত্রে কোন দ্রব্য কতটুকু ভোগ করা হবে, তা ভোক্তা নিজস্ব ইচ্ছা, পছন্দ ও রুচি অনুযায়ী স্থির করে। সে ক্ষেত্রে কোনো সরকারি নির্দেশ বা নিয়ন্ত্রণ থাকে না। এসব অর্থনৈতিক কর্মকাণ্ড আপাতদৃষ্টিতে শৃঙ্খলাহীন মনে হলেও প্রকৃত ক্ষেত্রে তা একটি ‘অদৃশ্য শক্তি’ দ্বারা সুষ্ঠু ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এ অদৃশ্য শক্তিই দামব্যবস্থা হিসেবে অভিহিত হয়।উত্তর: গ. অর্থনীতিবিদেরা যে বিশেষ ব্যবস্থা চিহ্নিত করেছেন, অর্থনীতিতে তা দারিদ্র্যের দুষ্টচক্র হিসেবে বর্ণনা করা হয়।দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক র‌্যাগনার নার্কস। তিনি বলেন, দারিদ্র্যের দুষ্টচক্র হলো, এমন কিছু শক্তির একত্রীকরণ, যেগুলো পরস্পরের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। স্বল্প উত্পাদনের কারণে স্বল্প আয় হয়। আয় কম বলে জনগণের সঞ্চয় কম। কম সঞ্চয়ের জন্য কম বিনিয়োগ, কম বিনিয়োগের জন্য মূলধনের জোগান কম হয়। মূলধনের অভাবে উত্পাদন ও আয় কম। পাশের রেখাচিত্রে এটি দেখানো হলো: চিত্রে দেখা যায়, দারিদ্র্যের চক্রটি আপন বৃত্তে আবর্তিত হয়ে দরিদ্র দেশকে দরিদ্র করে রাখে।দৃশ্যকল্পে বলা হয়েছে, দেশে অনেক ক্ষেত্রে সাফল্য এলেও বিপুল পরিমাণ মানুষের আয় এতই কম যে তারা অত্যন্ত নিম্ন জীবন যাপন করে। আয় কম বলে সঞ্চয় কম। এখান থেকে বিনিয়োগ ও উত্পাদন কম হয়।ফলে দৃশ্যকল্পে বিশেষ অবস্থা হিসেবে দারিদ্র্র্যের দুষ্টচক্র ধারণাটি বর্ণনা করা হয়েছে।উত্তর: ঘ. এই বিশেষ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে অর্থনীতিবিদেরা যে পরামর্শ দিয়েছেন, তা যথাযথ। এখানে বিশেষ ব্যবস্থা বলতে দারিদ্র্যের দুষ্টচক্র ও তা থেকে বেরিয়ে আসতে অর্থনীতিবিদেরা শ্রমনিবিড় শিল্প স্থাপনের কথা বলেছেন।দারিদ্র্যের দুষ্টচক্র একটি বিশেষ ব্যবস্থা, যা একটি দেশকে বছরের পর বছর ধরে দারিদ্র্যের বলয়ের মধ্যে আটকে রাখে। মানুষের আয় কম থাকে বলে সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হয় বলে বিনিয়োগ কম হয়। ফলে মূলধন গঠন কম হয়। মূলধন গঠন কম হয় বিধায় উত্পাদনের পরিমাণ কম হয়। এতে কর্মসংস্থান কমে যায় এবং মানুষের আয়ও কম হয়। এভাবে একটি দেশ দারিদ্র্যের বলয়ের মধ্যে আবদ্ধ থাকে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর ৪১ বছর পার হয়ে গেছে। এই সময়ে অনেক ক্ষেত্রে অগ্রগতি পরিলক্ষিত হলেও বিপুল পরিমাণ জনগোষ্ঠী প্রতিনিয়তই দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হচ্ছে। উন্নয়নের ছোঁয়া তাদের ন্যূনতম স্পর্শ করে না। এ অবস্থাকেই অর্থনীতিবিদেরা দারিদ্র্যের দুষ্টচক্র হিসেবে অভিহিত করেছেন।এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাঁরা ব্যাপক হারে শ্রমনিবিড় শিল্প স্থাপনের কথা বলেছেন। শ্রমনিবিড় শিল্প স্থাপন করা হলে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে তাদের আয় বাড়বে। আয় বাড়লে সঞ্চয় বাড়বে। সঞ্চয় বাড়লে বিনিয়োগ বৃদ্ধি ও উত্পাদন বৃদ্ধি পাবে। এতে আবার সঞ্চয় বৃদ্ধি পেয়ে বিনিয়োগ, উত্পাদন ও আয় বৃদ্ধির পুনরাবৃত্তি ঘটবে। ফলে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে।সুতরাং অর্থনীতিবিদেরা যে পরামর্শ দিয়েছেন, তা অত্যন্ত যথাযথ ও যৌক্তিক।