অর্থনীতি
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# হূদি দশম শ্রেণীর একজন ছাত্রী। সে ঢাকার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তার বাবা মি. আলীম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার কাজে সারা বছর ব্যস্ত থাকে বিধায় গ্রামের বাড়িতে বেড়ানোর তেমন সুযোগ হয় না। গত হেমন্তে গ্রামের বাড়িতে এসে হূদি অবাক হয় এই দেখে যে ফেরিওয়ালারা ধানের বিনিময়ে দ্রব্যসামগ্রী বিক্রি করছে। এ বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন, এটি একটি প্রথা যা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ছিল। কিন্তু কতিপয় অসুবিধার কারণে এ প্রথা বিলুপ্ত হতে চলেছে।ক. সবচেয়ে তরল সম্পদ কী?খ. শিল্প ব্যাংক কী? বুঝিয়ে লিখ।গ. হূদির বাবা কোন প্রথার কথা বলেছেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।ঘ. কতিপয় অসুবিধার মধ্যে কোনটি মূল অসুবিধা বলে তুমি মনে করো, যার জন্য এ প্রথা বিলুপ্ত হতে চলেছে? বর্ণনা করো।উত্তর: ক. সবচেয়ে তরল সম্পদ হচ্ছে অর্থ।উত্তর: খ. দেশে নতুন নতুন শিল্প স্থাপনে, পুরাতন শিল্পগুলোর সম্প্রসারণ ও উন্নয়ন প্রভৃতির জন্য যে ব্যাংক ঋণ প্রদান করে তাকে শিল্প ব্যাংক বলে। এ ব্যাংক দেশের শিল্পোন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় প্রকার ঋণই দিয়ে থাকে। দেশে শিল্প উন্নয়নের ক্ষেত্রে মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্প ব্যাংক নামে বাংলাদেশে এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।উত্তর: গ. হূদির বাবা দ্রব্যবিনিময় প্রথার কথা বলেছেন। দ্রব্যবিনিময় প্রথা বলতে বোঝায় একটি দ্রব্যের পরিবর্তে অন্য আরেকটি দ্রব্যের বিনিময়। প্রাচীনকালে অর্থ বা অন্য কোনো প্রকার একক বিনিময় মাধ্যমের প্রচলন ছিল না। তখন কারও কোনো দ্রব্যের প্রয়োজন হলে সে অন্য কোনো জিনিসের বিনিময়ে অন্যের কাছ থেকে তা সংগ্রহ করত। দৃশ্যকল্পে হূদি তার গ্রামের বাড়িতে ফেরিওয়ালাকে ধানের বিনিময়ে বিভিন্ন দ্রব্য বিক্রয় করতে দেখে অবাক হয়। এ বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন এটি একটি প্রথা যা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ছিল। দৃশ্যকল্পের এই বর্ণনা দ্রব্যবিনিময় প্রথার সঙ্গে মিল রয়েছে।ফলে হূদির বাবা যে প্রথার কথা বলেছেন সেটি দ্রব্যবিনিময় প্রথা।উত্তর: ঘ. কতিপয় অসুবিধার মধ্যে মূল অসুবিধা হলো অভাবের অমিল বলে আমি মনে করি যার জন্য এ প্রথা বিলুপ্ত হতে চলেছে। কেননা, অভাবের অমিলের জন্যই সব সময় বিনিময় সম্পন্ন হয় না।দ্রব্যবিনিময় প্রথার বিভিন্ন অসুবিধা রয়েছে। যার জন্য এ প্রথা প্রায় বিলুপ্ত। এর মধ্যে অন্যতম প্রধান অসুবিধা হলো, বিনিময়কারী ব্যক্তিদের অভাবের অমিল। যেমন, একজন কৃষক ধানের বিনিময়ে কাপড় চায়। কিন্তু তাঁতির ধানের প্রয়োজন নেই। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই বিনিময় সম্ভব হবে না। সে ক্ষেত্রে কৃষককে এমন লোককে খুঁজে বের করতে হবে যে কাপড়ের বিনিময়ে ধান নিতে ইচ্ছুক। সেটা বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। এরূপ অনেক অসুবিধা দৃশ্যমান হলেও মূল সমস্যা অভাবের অমিল যার জন্য এ প্রথা বিলুপ্ত হতে চলেছে। শুরু হয়েছে অর্থের ব্যাপক প্রচলন।সুতরাং, দ্রব্যবিনিময় প্রথার অভাবের অমিলই মূল অসুবিধা বলে আমি মনে করি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল