অর্থনীতি
সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# শিক্ষা, প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে প্রতিবছর বাংলাদেশ সরকারের ব্যয়ের পরিমাণ বেড়েই চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ দেশের মানুষের, বিশেষ করে উচ্চবিত্তদের কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। ফলে প্রতিবছর সরকারের যে আয় হয়, কর ফাঁকি রোধ করতে পারলে তার চেয়ে অনেক বেশি আয় হতো। এ বিষয়টি মাথায় রেখে এ বছর বাংলাদেশ সরকার আয় বৃদ্ধির জন্য আলাদাভাবে অতিরিক্ত ব্যয় বরাদ্দ দিয়েছে।ক. ঘাটতি বাজেট কী?খ. ভূমি রাজস্ব বলতে কী বোঝায়? বর্ণনা করো।গ. কর ফাঁকি রোধে এ বছর সরকার যে খাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দ দিয়েছে সেটি কোন খাতের ব্যয়? ব্যাখ্যা করো।ঘ. এ খাতের ব্যয় বৃদ্ধি করা কী যৌক্তিক? এ বিষয়ে তোমার মতামত দাও।উত্তর: ক. যে বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয় তাকে ঘাটতি বাজেট বলে।উত্তর: খ. ভূমির ওপর থেকে সরকার যে আয় করে তাকে ভূমি রাজস্ব বলে। বাংলাদেশ সরকারের অন্যতম আয়ের উৎস হলো ভূমি রাজস্ব। স্বাধীনতার পর সরকার ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করায় এ খাতে সরকারি আয় কিছুটা হ্রাস পেয়েছে। তবে বর্তমানে সরকার ভূমির ওপর উন্নয়ন কর আরোপ করেছে।উত্তর: গ. কর ফাঁকি রোধে এ বছর সরকার যে খাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দ দিয়েছে, সেটি রাজস্ব আদায়কারী বিভাগ খাতের ব্যয়। বিভিন্ন বিভাগের মাধ্যমে সরকার রাজস্ব আদায় করে থাকে। যেমন—আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতি। এসব বিভাগ দ্বারাই সরকার কর আদায় করে থাকে। প্রতিবছর বিপুল অঙ্কের ব্যয় মেটাতে এসব বিভাগ বিভিন্ন মাধ্যমে আয় করে থাকে। ফলে এ খাত একটি গুরুত্বপূর্ণ খাত। দৃশ্যকল্পে কর ফাঁকি রোধ করার জন্য এ খাতে সরকার অতিরিক্ত ব্যয় বরাদ্দ দিয়েছে। এ থেকেই বলা যায়, কর ফাঁকি রোধে এ বছর সরকার যে খাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দ দিয়েছে, সেটি রাজস্ব আদায়কারী বিভাগ খাতের ব্যয়।উত্তর: ঘ. এ খাতের ব্যয় বৃদ্ধি করা যৌক্তিক। কেননা, এ খাতের ওপর সরকারের আয় নির্ভর করে। এ খাতের উন্নয়ন হলে সরকারের আয় অনেক বেড়ে যাবে।বিভিন্ন বিভাগের মাধ্যমে সরকার রাজস্ব আদায় করে থাকে। যেমন—আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতি। এগুলোকে রাজস্ব আদায়কারী বিভাগ বলে। এ বিভাগের সফলতা-ব্যর্থতার ওপর সরকারের আয়ের পরিমাণ নির্ধারিত হয়। বাংলাদেশের মানুষের কর ফাঁকি দেওয়ার প্রবণতা একটি স্বীকৃত সত্য। এ জন্য প্রতিবছরই সরকারের প্রয়োজনীয় পরিমাণ আয় হচ্ছে না। সংগত কারণেই এ বিভাগের দক্ষতা বৃদ্ধি জরুরি। কাজের গতি বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহির জন্য এ বিভাগের প্রতিটি কর্মীকে প্রশিক্ষিত করে তোলা প্রয়োজন। আর এ জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দ দেওয়া জরুরি।সুতরাং, রাজস্ব আদায়কারী বিভাগ খাতে সরকার এ বছর যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ দিয়েছে তা অত্যন্ত যৌক্তিক।