অধ্যায় ২
নিপার দুই ছেলে ও দুই মেয়ে । স্বামীর আকস্মিক মৃত্যুর পর তিনি সন্তানদের লালন–পালনসহ পরিবারের যাবতীয় কাজ দেখাশোনা করেন। একমাত্র উপার্জনকারী স্বামীর মৃত্যুর পর সে আর্থিক সংকটে পড়ে। আর তা দূর করার জন্য তিনি সেলাইকাজের প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে তার সংসার পরিচালনা করেন।
প্রশ্ন
ক. অবাধলভ্য দ্রব্য কাকে বলে?
খ. গুদামঘরকে মূলধনী দ্রব্য বলা হয় কেন?
গ. নিপার প্রথমদিকের কাজগুলো অর্থনীতিতে কোন ধরনের কাজ নির্দেশ করে?
ঘ. নিপার শেষের কাজটি তার জীবিকার মূল প্রেরণা হিসেবে কাজ করে—বিশ্লেষণ করো।
উত্তর
ক. যেসব দ্রব্য বিনা মূল্যে পাওয়া যায়, তাকে অবাধলভ্য দ্রব্য বলে।
খ. গুদামঘর এমন একটি দ্রব্য, যা বারবার উৎপাদনে ব্যবহৃত হয়। যেসব উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাই মূলধনী দ্রব্য। যেমন যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। মূলধনী দ্রব্য বারবার উৎপাদনকাজে ব্যবহৃত হয়। এসব কারণে গুদামঘরকে মূলধনী দ্রব্য বলা হয়।
গ. নিপার প্রথমদিকের কাজগুলো অর্থনীতিতে অ–অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।
যেসব কাজের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাই অ–অর্থনৈতিক কাজ। অ–অর্থনৈতিক কাজ মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে কোনো ভূমিকা রাখে না। এসব কাজের মধ্যে রয়েছে পিতা–মাতার সন্তান লালন–পালন, শখের বশে বাগান করা ইত্যাদি। এ ছাড়া যেসব কাজে সমাজে বিরূপ প্রভাব পরিলক্ষিত বা সমাজ ক্ষতিগ্রস্থ হয়, তাও অ–অর্থনৈতিক কাজ। যেমন চুরি, ডাকাতি ইত্যাদি।
উদ্দীপকে লক্ষ করা যায়, নিপা প্রথমদিকে তার দুই ছেলে ও দুই মেয়ের লালন–পালন করতেন। এ ছাড়া সে পারিবারিক অন্যান্য কাজ দেখাশুনা করতেন। নিপার এই কাজগুলো পরিবারের বিভিন্ন প্রয়োজন বা অভাব পূরণ করত। তবে এ কাজগুলো অর্থ উপার্জনে কোনো ভূমিকা রাখত না। তাই আমরা বলতে পারি, নিপার প্রথমদিকের কাজগুলো অ–অর্থনৈতিক কাজ।
ঘ. নিপার শেষের কাজটি, অর্থাৎ সেলাই করে অর্থ উপার্জন করা অর্থনৈতিক কাজ।
মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কাজ করে, তাই অর্থনৈতিক কাজ। এসব কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবন ধারণের জন্য তা ব্যয় করে। অর্থনৈতিক কাজের মধ্যে রয়েছে শ্রমিকের কলকারখানায় কাজ, কৃষকের জমিতে কাজ, শিল্পপতির প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি।
উদ্দীপকের নিপার স্বামী জীবিত থাকতে তিনিই অর্থনৈতিক কাজ করতেন। স্বামীর কাজের মাধ্যমে যা আয় হতো, তা দিয়েই তাদের সংসার চলত। কিন্তু হঠাৎ করে তার স্বামীর মৃত্যু হয়। তখন তিনি আর্থিক সংকট দূর করার জন্য সেলাই প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করেন। মূলত জীবিকার তাগিদেই নিপা সেলাইকাজের প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জনের পথ বেছে নেন।
জীবনধারণের জন্য মানুষের সম্পদের প্রয়োজন হয়। অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ ওই সম্পদ উপার্জনের চেষ্টা করে। আর এ ধরনের কাজ থেকে অর্থপ্রাপ্তি তার জীবিকার মূল প্রেরণা হিসেবে কাজ করে।
মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা