অধ্যায় ২
রফিক সাহেব একজন এনজিওকর্মী। তিনি প্রতি মাসে ২০,০০০ টাকা আয় করেন। তা থেকে তিনি ১৬,০০০ টাকা খরচ করেন এবং ব্যাংকে ৪,০০০ টাকা করে প্রতি মাসে জমা রাখেন। বছর শেষে জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। এর ফলে তার পরিবারের উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়।
প্রশ্ন
ক. অর্থনীতিতে দ্রব্য কী?
খ. মানুষ প্রণোদনায় সাড়া দেয় কেন?
গ. উদ্দীপকের রফিক সাহেবের জমাকৃত অর্থ অর্থনীতিতে কী নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জমাকৃত অর্থ দিয়ে গরুর খামার করাকে অর্থনীতিতে কী নির্দেশ করে?
উত্তর
ক. মানুষের অভাব মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত সব জিনিসকে অর্থনীতিতে দ্রব্য বলে।
খ. অর্থনীতির ভাষায় শ্রমিকদের কাজে উৎসাহিত করার জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থাই হলো প্রণোদনা।
প্রণোদনার মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। এ কারণে মানুষ প্রণোদনা পেলে ইতিবাচক সাড়া দেয়। লভ্যাংশ প্রদান, চাকরির স্থায়িত্ব বাড়ানো ও চিকিৎসা সুবিধার মাধ্যমে শ্রমিক–কর্মীদের প্রণোদিত করা যায়। এসব কারণে মানুষ প্রণোদনায় সাড়া দেয়।
গ. উদ্দীপকের রফিক সাহেবের জমাকৃত অর্থ অর্থনীতিতে সঞ্চয়কে নির্দেশ করে।
মানুষ যা আয় করে, তার পুরোটাই খরচ করে না। আয়ের কিছু অংশ ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে জমা রাখে। এই জমাকৃত অংশই হলো সঞ্চয়। অর্থাৎ আয় হতে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। সঞ্চয়ের ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন
S = Y-C, এখানে S = সঞ্চয়, Y = আয়,
C = ভোগ।
উদ্দীপকের রফিক সাহেব প্রতি মাসে ২০,০০০ টাকা আয় করেন। তা থেকে ১৬,০০০ টাকা খরচ করেন।
এখানে রফিকুল সাহেবের সঞ্চয় হলো ২০,০০০–১৬,০০০ = ৪,০০০ টাকা। এ টাকা তিনি প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন। বছর শেষে এ অর্থ দিয়ে তিনি একটা গরুর খামার দেন। এর ফলে তার পরিবারের উৎপাদন বাড়ে। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়। কাজেই বলা যায়, রফিকুল সাহেবের জমাকৃত ৪,০০০ টাকা হলো সঞ্চয়।
ঘ. উদ্দীপকের জমাকৃত অর্থ দিয়ে গরুর
খামার করা অর্থনীতিতে বিনিয়োগকে নির্দেশ করে।
মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এ ক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে।
উদ্দীপকের রফিক সাহেব প্রতি মাসে ৪,০০০ টাকা জমা রাখেন। বছর শেষে জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি গরুর খামার দেন। এর ফলে তার পরিবারের উৎপাদন বাড়ে। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়। এখানে রফিকুল সাহেবের জমাকৃত অর্থ হলো সঞ্চয়। এই জমাকৃত অর্থ দিয়ে গরুর খামার করা হলো বিনিয়োগ।
অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সম্পর্কযুক্ত বিষয়। সঞ্চয় ছাড়া বিনিয়োগ সম্ভব নয়। আবার সঞ্চিত অর্থ বিনিয়োগ না করলে মূলধন গঠন ব্যাহত হয়। কাজেই বলা যায়, রফিক সাহেব তার সঞ্চয়কে গরুর খামার করার কাজে বিনিয়োগ করেন। এই সঞ্চয়কে বিনিয়োগে রূপদানের মাধ্যমে তার উৎপাদনশীলতা বাড়ে। ফলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়।
মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল, ঢাকা