অর্থনীতি ২য় পত্র
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-৭ প্রিয় পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্ন: সূচক সংখ্যা কাকে বলে?উত্তর: ‘অর্থের মূল্য পরিবর্তন’ পরিমাপ করার জন্য যে বিশেষ সংখ্যাবাচক পদ্ধতি অবলম্বন করা হয়, তাকে সূচক সংখ্যা বলে। অন্য কথায় সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি, যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহূত হয়। কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পড়তা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে সূচক সংখ্যা বলে। প্রশ্ন: অর্থের মূল্য পরিবর্তন কাকে বলে?উত্তর: অর্থের মূল্য বা অর্থের ক্রয়ক্ষমতা দাম স্তরের ওপর নির্ভরশীল। সুতরাং অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয়ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। বিপরীত অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, সে ক্ষেত্রে অর্থের মূল্য হ্রাস পায়। সুতরাং পণ্যদ্রব্যের দামস্তর পরিবর্তনের সঙ্গে অর্থের ক্রয়ক্ষতার যে পরিবর্তন হয়, তাকেই অর্থের মূল্য পরিবর্তন বলে।প্রশ্ন: মুদ্রাস্ফীতি কাকে বলে?উত্তর: সাধারণত মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যমূল্যের দীর্ঘকালীন ঊর্ধ্বগতিকে বোঝায়। উত্পাদন বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পেলে এ রকম হয়। যদি দ্রব্যসামগ্রীর জোগান বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পায়, তবে মুদ্রার অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার এ রকম প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। অধ্যাপক গ্রেগরি বলেন, ‘ক্রয়ক্ষমতার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলা যায়।’ অধ্যাপক পিগুর মতে, ‘যখন আয় উত্পাদনশীল কার্য অপেক্ষা আর্থিক আয় অধিক হারে বৃদ্ধি পায় তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়।’ সুতরাং বলা যায়, দ্রব্যসামগ্রীর জোগানের তুলনায় অর্থের প্রচলন বৃদ্ধি পাওয়ার ফলে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। একেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে।প্রশ্ন: মুদ্রা সংকোচন কাকে বলে?উত্তর: মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত ধারণা বা অবস্থা। যখন দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয়, তখন দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে। দামস্তর হ্রাসের এই প্রবণতাই অর্থনীতিতে মুদ্রাসংকোচন হিসেবে বিবেচিত। অধ্যাপক স্যামুয়েলসনের মতে, ‘মুদ্রা সংকোচন বলতে এমন অবস্থা বোঝায়, যখন অধিকাংশ দ্রব্যসামগ্রীর মূল্য ও উত্পাদন ব্যয় হ্রাস পেতে থাকে।’ অর্থনীতিবিদ পল আইনজিগের মতে, ‘মুদ্রা সংকোচন হলো এমন একটি ভারসাম্যহীন অবস্থা, যেখানে দামস্তরের নিম্নগতির প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তি সংকুচিত হয়ে আসে।’ সুতরাং বলতে পারি, যখন কোনো দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয় এবং দামস্তর ক্রমান্বয়ে হ্রাস পায় তখন তাকে মুদ্রা সংকোচন বলে।প্রশ্ন: বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ কী কী?উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা বিরাজমান। এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। বাংলাদেশে মুদ্রাস্ফীতি তথা দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির প্রধান কারণগুলো হলো অর্থের জোগান বৃদ্ধি, উত্পাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, উত্পাদন ব্যয় বৃদ্ধি, খাদ্য সমস্যা, আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি, উদার ঋণনীতি, আমদানি নিয়ন্ত্রণ, মজুত ও চোরা কারবার, অনুত্পাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, অতিরিক্ত পরোক্ষ কর, পরিবহন ও যাতায়াতব্যবস্থা, বেতন বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, অপর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ, অস্থিতিশীল রাজনীতি ইত্যাদি।