অর্থনীতি ২য় পত্র
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-৮ প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: বাংলাদেশের ব্যাংকের গঠন প্রণালি বর্ণনা করো?উত্তর: বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে এর কার্যকাল শুরু। একটি পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পরিচালনা পর্ষদের সভাপতি। তিন বছরের জন্য তিনি সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকেন। ব্যাংকের দৈনন্দিন কার্যাবলি পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী কমিটি রয়েছে। এ কমিটির সদস্যরা হলেন গভর্নর, ডেপুটি গভর্নরদ্বয় এবং পরিচালকদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য। এ ছাড়া ব্যাংকের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ব্যাংককে কয়েকটি বিভাগে সংগঠিত করা হয়েছে। যেমন- নোট ইস্যু বিভাগ, ব্যাংকিং বিভাগ, ব্যাংক নিয়ন্ত্রণ বিভাগ, কৃষিঋণ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, গবেষণা বিভাগ ইত্যাদি।প্রশ্ন: বাংলাদেশের বিশেষ ঋণদান প্রতিষ্ঠানগুলো কী কী?উত্তর: উন্নয়নশীল দেশের সামগ্রিক উন্নয়ন তথা কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও প্রসারের জন্য প্রচুর উন্নয়ন তহবিলের প্রয়োজন হয়। এসব তহবিল জোগানের কাজে কতিপয় প্রতিষ্ঠান নিয়োজিত থাকে। এগুলোকে বিশেষ ঋণদানকারী প্রতিষ্ঠান বলা হয়। বাংলাদেশে কৃষি, শিল্প, গৃহনির্মাণ প্রভৃতি খাত উন্নয়ন সাধনে কতগুলো বিশেষ ঋণদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানগুলো প্রধানত স্ব স্ব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণ দান করে থাকে। বাংলাদেশে বিশেষায়িত ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা, বাংলাদেশ গৃহনির্মাণ ঋণদান সংস্থা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি।প্রশ্ন: বাংলাদেশ কৃষি ব্যাংক কী?উত্তর: বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতে ঋণ প্রদানকারী বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। দেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে রাষ্ট্রপতির এক আদেশবলে পাকিস্তান কৃষি ব্যাংকের সব দায় সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের যাত্রা শুরু হয়। কৃষি উন্নয়ন, কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন তথা গ্রাম-বাংলার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ কৃষি ব্যাংকের সৃষ্টি হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ হলো ৩৫০ কোটি টাকা এবং বর্তমানে এ ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণও ৩৫০ কোটি টাকা। ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে। এ পর্ষদে একজন সভাপতি, একজন ব্যবস্থাপনা পরিচালক ও নয়জন পরিচালক রয়েছেন। সুষ্ঠুভাবে কার্যাবলি সম্পাদনের জন্য ব্যাংক প্রধান কার্যালয়কে পাঁচটি বিভাগে বিভক্ত করে প্রতিটি বিভাগে একজন করে মহাব্যবস্থাপক নিয়োজিত করেছে। বর্তমানে এ ব্যাংকের পাঁচটি জেনারেল অফিস, ১২টি আঞ্চলিক অফিস এবং এক হাজার ৮০টি শাখা অফিস রয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল