অলিম্পিয়াড শুরু ৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম প্রাণরসায়ন অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগ। প্রাণরসায়ন অলিম্পিয়াডের প্রথম এই আয়োজনে ১০টি স্কুলের ২৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অলিম্পিয়াড হবে মূলত দুটি গ্রুপে। একটি গ্রুপ এসএসসি/ও-লেভেলের শিক্ষার্থীদের জন্য। অন্যটি এইচএসসি/এ-লেভেলের শিক্ষার্থীদের জন্য। অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়। এক ঘণ্টার অলিম্পিয়াড হবে সকাল ১০টা থেকে ১১টা। প্রাণরসায়নের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা ছাড়াও দিনব্যাপী এ আয়োজনে আছে অলিম্পিয়াডের শিখা প্রজ্বালন, প্রাণরসায়নের জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ পরিদর্শন, ভিডিওচিত্র প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অলিম্পিয়াড প্রসঙ্গে আয়োজক কমিটির আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মামুন রশিদ চৌধুরী বলেন, প্রথমবারের মতো আয়োজন বলে অলিম্পিয়াড কিছুটা সীমিত পরিসরে হচ্ছে। এবার শুধু নির্বাচিত স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রাণরসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের তালিকা, নমুনা-প্রশ্নসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে অলিম্পিয়াডের ওয়েবসাইটে (ঠিকানা: www.biochemolympiad.org )।