আইইউবির আয়োজনে কাল গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড-২০১১
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ‘আন্ত কলেজ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড-২০১১’ কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি হবে আইইউবির স্থায়ী ক্যাম্পাস, বসুন্ধরা আবাসিক এলাকায়। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়। উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান এবং প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হাসান সাইমুম ওয়াহাব বলেন, অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী-প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে। দুটি বিভাগ গণিত ও পদার্থবিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা হবে। মোট ৩০ জন বিজয়ীকে বিভিন্ন অঙ্কে অর্থ পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞান অলিম্পিয়াডের প্রথম পুরস্কার ১০ হাজার টাকা এবং সাধারণ জ্ঞানের পুরস্কার চার হাজার টাকা।