আইডিয়ায় সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ার ফঁাকে আড্ডায় মেতে ওঠেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব আড্ডা থেকে বেরিয়ে আসে সৃজনশীল নানা ভাবনা। ছবিটি সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের পাঠাগার থেকে তোলা l ছবি: সংগৃহীত
পড়ার ফঁাকে আড্ডায় মেতে ওঠেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব আড্ডা থেকে বেরিয়ে আসে সৃজনশীল নানা ভাবনা। ছবিটি সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের পাঠাগার থেকে তোলা l ছবি: সংগৃহীত

শুধু পাঠ্যবইয়ে মুখ গুঁজে থাকা নয়, বিচরণ হোক সবখানে। এই লক্ষ্যে এগিয়ে চলেছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) শিক্ষার্থীরা। আর এই ভাবনা এনে দিয়েছে বেশকিছু সাফল্য। শিক্ষার্থীরা কখনো দিয়েছেন চমৎকার আইডিয়া কিংবা তাক লাগিয়েছেন নতুন ধারণার ওয়েবসাইট তৈরি করে।

সম্প্রতি নগরের খুলশী-নাসিরাবাদসংলগ্ন মোজাফফর নগর এলাকার সবুজ পাহাড়ের পাদদেশে ইডিইউর নিজস্ব ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ক্লাসের ফাঁকে চলছে তুমুল আড্ডা। ক্যানটিন, প্রশাসনিক ভবনের বারান্দা সবখানেই জটলা। এই আড্ডায় পড়ার বিষয় থেকে বিশ্ব রাজনীতি, খেলা কোনোটিই যেন বাদ যাচ্ছে না।

এ ছাড়া ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের আড্ডা জমে নগরের প্রবর্তক মোড়ের প্রশাসনিক ভবনেও।

পথ দেখাবে ব্যবসা পরিকল্পনা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় ব্যবসার পরিকল্পনা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ঢাকার ইউনূস সেন্টার আয়োজিত সোশ্যাল বিজনেস প্রতিযোগিতায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে চট্টগ্রামের ইডিইউ। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিবছর নিজে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই প্রতিযোগিতায় বড় সাফল্য আসে ২০১৩ সালে। জলাশয়ে জমে থাকা কচুরিপানা প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব ঘরের সামগ্রী তৈরি করার অভিনব আইডিয়া দিয়ে চ্যাম্পিয়ন হন বিশ্ববিদ্যালয়ে পাঁচজন ছাত্রী।

বিজয়ী দলের সদস্য তানজিদা আফরিন বলেন, ‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নিতে পেরে আমরা দারুণ খুশি। তিনি বলেছিলেন, সামনে এগিয়ে যেতে হলে কখনো হাল ছাড়তে নেই। একসময় আলো আসবেই।’

২০১২ সালেও হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালি আঁশ পাট দিয়ে টেকসই জুতা তৈরি করে বিদেশে রপ্তানির ধারণা দিয়ে রানারআপের পুরস্কার পায় ইডিইউর আরেকটি দল। আর সর্বশেষ সাফল্য আসে ২০১৫ সালে। বাড়িতে ফেলে দেওয়া ছাতার পুরোনো কাপড়ে বাজারের ব্যাগ তৈরি করে পলিথিনের ব্যবহার কমিয়ে আনার আইডিয়ার মাধ্যমে নজর কাড়েন ইডিইউর শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীদের মধ্যেও ভাবনার জানালা খুলে দিতে ইতিমধ্যে গঠন করা হয়েছে সোশ্যাল বিজনেস ক্লাব।

রোবট হবে দুর্যোগের সাথি

সারা দিন ক্লাস, দিন শেষে ল্যাব। তবুও যেন ক্লান্তি নেই নিজের সৃষ্টিতে। দেশের কোথায় আগুন লাগল, ভবন ধসে পড়ল কিংবা ভূমিকম্পে কত ক্ষতি হলো—এসব সমস্যা প্রায়ই ভাবায় ইডিইউর ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের। সেই ভাবনা থেকেই তাঁরা বানাতে চান রোবট। যেসব রোবট দুর্যোগে মানুষের সাথি হবে, সেই পথে গুটি গুটি পায়ে এগোচ্ছে তারা।

২০১৪ সালে বুয়েটে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় রোবট তৈরি প্রতিযোগিতায় সারা দেশে রানারআপ হয় ইডিইউ। কলকারখানা কিংবা বাড়িতে মুহূর্তে আগুন লাগলে সংকেত দিয়ে রোবটের জানিয়ে দেওয়ার আইডিয়াটি সবার প্রশংসা পায়।

কেবল তা–ই নয়, বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ‘উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প’ প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে ২০১৫ সালেও রানারআপ হয় ইডিইউ দল।

পুষ্টির সমাধানে ওয়েবসাইট

নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় দেশের পুষ্টির চিত্রকে আলোকিত করতে ইডিইউর চারজন শিক্ষার্থী তৈরি করলেন ওয়েবসাইট আর অ্যাপ। উদ্দেশ্য, পুষ্টি নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো। এই ওয়েবসাইটে (www.purity.cakedigit.com) পাওয়া যাবে পুষ্টিসংক্রান্ত সব তথ্য।

কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ‘নিউট্রিশন অলিম্পিয়াড ২০১৭’ প্রতিযোগিতায় সারা দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রানারআপ হন ইডিইউর শিক্ষার্থীরা। বিজয়ী দলের সদস্যেরা হলেন নিসর্গ নিগার, আলা নূর, নাসরিন সিদ্দিকা ও অনন্যা ব্যানার্জি। তাঁরা সবাই বর্তমানে পড়ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।

দলনেতা নিসর্গ নিগার বলেন, ‘সরকারিভাবে আইডিয়াটি বাস্তবায়িত হলে পুষ্টিহীনতার করুণ চিত্র অনেকখানি দূর হবে বলে আমাদের বিশ্বাস। এমন সাফল্য ভালো কাজের প্রেরণা জোগাচ্ছে।’

দেশসেরা সব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন সাফল্য সম্পর্কে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউ পড়ালেখায় নিজস্ব পাঠদান পদ্ধতি, যুগোপযোগী সিলেবাস ও গুণগত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছে। এর পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের ভাবনার জানালা খুলে দিতে সব সময় উৎসাহিত করে। ফলে ছাত্রছাত্রীরা সব ধরনের প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনছে।