আইন অনুষদে ৯৮ শতাংশের বেশি অকৃতকার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আইন অনুষদের অধীনে ‘ই’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার সকালে প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী এ অনুষদে অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য হয়েছেন মাত্র ১ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষার্থী।
গতকাল মঙ্গলবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অনুষদে ১১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাস করেছেন মাত্র ১৮৩ জন।
গত বছরও এ অনুষদে ১৪ হাজার ৫৯৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন মাত্র ১৩৪ জন।
এ প্রসঙ্গে জানতে চাইলে আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘কোচিং ও গাইডনির্ভর প্রশ্ন না হওয়ায় হয়তো এটি হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা কোচিং ও গাইডনির্ভরতা থেকে বেরিয়ে আসুক, তাদের নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগাক।’ এ ছাড়া এইচএসসিতে শিক্ষার্থীদের পড়ালেখার ভিত্তি নড়বড়ে হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ে পাসের হার কমছে বলেও মনে করেন বিশ্ববিদ্যালয়ের এই জ্যেষ্ঠ শিক্ষক।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, আইন অনুষদে সাধারণ শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ১০০টি। অন্যদিকে কোটার জন্য সংরক্ষিত রয়েছে ২২টি আসন।
আইন অনুষদের নোটিশ বোর্ডে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধার ভিত্তিতে ১২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৪ নভেম্বর সকাল নয়টায় অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর সাক্ষাৎকারে উপস্থিত না হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন বলে নোটিশে জানানো হয়েছে।