আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাবির নেতৃস্থানীয় ভূমিকা প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ১২ ডিসেম্বর, কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাবি
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার সমাপনী দিনেও আলোচকদের কণ্ঠে উঠে এল বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীতের কথা৷ পাশাপাশি প্রত্যাশার সুরে তাঁরা বললেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রেও এ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বের ভূমিকায় দেখতে চান তাঁরা।

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পাঁচ দিনব্যাপী এই আলোচনা সভা শেষ হয়। পরে নগরবাউলসহ বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড দলের অংশগ্রহণে হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে ১ থেকে ৪ ডিসেম্বর টানা চার দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেও একই জায়গায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এ সময় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য অবদান রেখে চলেছে। গবেষণা ছাড়া একটি জাতি ও দেশ এগিয়ে যেতে পারে না। যুগোপযোগী শিক্ষা, গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।

আলাচনা সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে অনন্য অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দক্ষ মানবসম্পদ তৈরি করে এই বিশ্ববিদ্যালয় জাতিকেও সমৃদ্ধ করেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের উচ্চশিক্ষার মান আরও বাড়াতে হবে। পাশাপাশি বাড়াতে হবে দক্ষতাও। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বস্থানীয় ভূমিকা ধরে রাখবে।

সভায় বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ, পরিবার ও সমাজের কল্যাণে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ বছর ধরে মুক্তবুদ্ধি ও জ্ঞানের চর্চা করে চলছে। পাশাপাশি করেছে জ্ঞান বিতরণও। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয় শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন ও সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বক্তব্য দেন।

পাঁচ দিনব্যাপী আয়োজনের সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এ সময় শতবর্ষের আয়োজনে অংশ নেওয়া আলোচক, শিল্পীসহ এতে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) ও শতবর্ষ উদ্‌যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব এ এস এম মাকসুদ কামাল দেন শুভেচ্ছা বক্তব্য।