আগামীকাল প্রাণরসায়ন অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামীকাল ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম প্রাণরসায়ন অলিম্পিয়াড। প্রাণরসায়ন অলিম্পিয়াডের প্রথম এ আয়োজনে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অলিম্পিয়াডের জন্য যারা নাম নিবন্ধন করেছে, তাদের সকাল নয়টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। অলিম্পিয়াড হবে দুটি গ্রুপে। একটি গ্রুপ এসএসসি/ও লেভেলের শিক্ষার্থীদের জন্য। অন্যটি এইচএসসি/এ লেভেলের শিক্ষার্থীদের জন্য। অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়। এক ঘণ্টার অলিম্পিয়াড হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রাণরসায়নের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা ছাড়াও দিনব্যাপী এ আয়োজনে থাকবে অলিম্পিয়াডের শিখা প্রজ্বালন, প্রাণরসায়নের জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ পরিদর্শন, ভিডিওচিত্র প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অলিম্পিয়াড আয়োজন প্রসঙ্গে প্রাণরসায়ন অলিম্পিয়াড কমিটির সদস্যসচিব শান্তনু সাহা রায় জানান, প্রাণরসায়ন তথা জীববিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই এ আয়োজন। এবার শুধু নির্বাচিত স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রাণরসায়ন অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে অলিম্পিয়াডের ওয়েবসাইটে (ঠিকানা: www.biochemolympiad.org )।