আগে প্রশ্ন বোঝো, পরে উত্তর লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরীক্ষার একটি ভালো ফল তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। তাই একটি ভালো ফলের জন্য তোমাকে প্রথমে আত্মবিশ্বাসী হতে হবে। যেকোনো ধরনের মানসিক দুর্বলতা পরীক্ষা খারাপ হওয়ার অন্যতম কারণ হতে পারে। গার্হস্থ্য বিজ্ঞানে ভালো করতে হলে তোমার পাঠ্যবইটি খুব ভালো করে পড়তে হবে। প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে খুব সহজেই বহুনির্বাচনি প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের উত্তর করা সম্ভব হবে।
মনে রাখতে হবে, তুমি যদি বহুনির্বাচনিতে ভালো নম্বর পাও, তাহলে জিপিএ-৫ পাওয়া সহজ হয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে, যাতে বহুনির্বাচনিতে একটি নম্বরও কম না পাও। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়মকানুন তোমার অবশ্যই জানা আছে। তারপরও বলব, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এই চার ধারার প্রশ্নের উত্তর অবশ্যই সঠিক নিয়মে লিখতে হবে। নিয়ম মেনে সঠিকভাবে যথাযথ উত্তর লিখলে অবশ্যই ভালো নম্বর পাবে।
মনে রেখো, সিলেবাসটি বড়। প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অংশগুলো এবং দরকারি তথ্যগুলো নির্ভুলভাবে মনে রাখবে। একটি তথ্য যেন অন্য তথ্যের মধ্যে না যায়, সে দিকে লক্ষ রাখবে। কোনোভাবেই ভুল তথ্য দেবে না। প্রতিটি অধ্যায় মনোযোগসহকারে রিভিশন দেবে। নির্ভুলভাবে সঠিক তথ্য উপস্থাপন করলে সহজেই ভালো নম্বর পাবে। পরীক্ষার খাতা পরিষ্কার এবং কাটাকাটিমুক্ত রাখবে।
প্রভাষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা