সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞান বিষয়টি তত্ত্বীয় বিষয় হওয়ায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বহুনির্বাচনী ও রচনামূলক উভয় অংশে সমান গুরুত্ব দেওয়া আবশ্যক। সৃজনশীল রচনামূলক প্রশ্নের অংশে মোট ৯টি প্রশ্ন ক, খ ও গ—এই তিনটি বিভাগে বিন্যস্ত থাকে। এর মধ্যে শুধু ‘ক’ বিভাগে ৫টি প্রশ্ন থাকবে। এই ৫টি প্রশ্নের এক বা একাধিক প্রশ্ন সমাজ অংশ থেকে দেওয়া হয়। আজ ‘সমাজ, সংস্কৃতি ও সভ্যতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো।লিজা তার বাবার সঙ্গে সোনারগাঁ বেড়াতে এসেছে। সে এখানে এসে লোকশিল্প জাদুঘরে ঢুকে প্রাচীন বাংলার অলংকার যেমন—কোমরের বিছা, খাডু, বালা, রুলি, কানের দুল ইত্যাদি দেখতে পায়। এ ছাড়া নানা ধরনের মূর্তি, প্রাচীন বাংলার উৎসব-অনুষ্ঠানের অঙ্কিত চিত্র দেখে সে বিস্মিত হয়। এখান থেকে বেরিয়ে সে ঐতিহাসিক পানামনগর পরিদর্শন করে। এই নগরে থরে-বিথরে সাজানো দালানকোঠা দেখে তার ধারণা হয় তৎকালে সভ্যতার নানা উপাদান সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।ক. সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কী?খ. সমাজ বলতে কী বোঝায়?গ. লোকশিল্প জাদুঘরে লিজার দেখা জিনিসপত্র প্রাচীন বাংলার জনজীবনের কোন দিকটির প্রতিচ্ছবি? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।ঘ. সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে লিজার ধারণার যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. মূলত গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণই সমাজবিজ্ঞানের উদ্দেশ্য।উত্তর: খ. সাধারণভাবে সমাজ বলতে সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অবশ্য সংঘবদ্ধ হওয়ার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। আর তাই বলা যায়, একই উদ্দেশ্য সাধনের জন্য যখন বহু লোক সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলা হয়।উত্তর: গ. লোকশিল্প জাদুঘরে লিজা প্রাচীন বাংলার কতগুলো অলংকার, নানা ধরনের মূর্তি, উৎসব-অনুষ্ঠানের অঙ্কিত চিত্র দেখেছে। এসব জিনিসপত্র জনজীবনের সংস্কৃতির দিকের প্রতিচ্ছবি।আমরা পাঠ্যবই থেকে জেনেছি, সংস্কৃতি হচ্ছে মানুষের আচরণের সমষ্টি। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু অর্জন করে এর সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই দিক থেকে বিবেচনা করলে প্রাচীন বাংলার মানুষেরা সমাজে বসবাস করত। সামাজিক আচার-অনুষ্ঠানে তারা ওই সব অলংকার পরিধান করত। আবার তারা উৎসব-অনুষ্ঠানে গীত বা সংগীত পরিবেশন করত। তা-ও সংস্কৃতির অংশ। অর্থাৎ সংস্কৃতির উপাদানগুলোর মধ্যে কিছু বস্তুগত উপাদান আর কিছু আছে বস্তুগত উপাদান। অনুচ্ছেদে বর্ণিত অলংকারগুলোকে সংস্কৃতির বস্তুগত উপাদানের অন্তর্ভুক্ত করা যায়। আর তাদের আচার-অনুষ্ঠান কিংবা জ্ঞান-বিশ্বাস সবই সংস্কৃতির অবস্তুগত উপাদান।সংস্কৃতির এই দুই ধরনের উপাদান সমাজের সদস্যরা উত্তরাধিকার সূত্রে লাভ করে। তাই কোনো সমাজের সদস্যরা বংশপরম্পরায় এসব ব্যবহার করে এর উৎকর্ষ সাধন করে।উত্তর: ঘ. সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে লিজার ধারণা কতটা যথার্থ, বিচার করতে হলে সভ্যতার স্বার্থে সংস্কৃতির সম্পর্ক দেখানো যেতে পারে।শুরুতে জেনে নেওয়া যেতে পারে সভ্যতা কী?সভ্যতার সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকাইভার ও পেজ বলেন, ‘সভ্যতা অর্থে আমরা বুঝি মানুষ তার জীবনধারণের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য যে যান্ত্রিক ব্যবস্থা, কলাকৌশল ও সংগঠন সৃষ্টি করেছে তারই সামগ্রিক রূপ।’এই সংজ্ঞার আলোকে বিভিন্ন ধরনের যানবাহন, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর ইত্যাদি সভ্যতার অংশ। অর্থাৎ সভ্যতার সঙ্গে ব্যক্তির বাহ্যিক আচরণ সম্পর্কযুক্ত। পক্ষান্তরে সংস্কৃতি ব্যক্তির মনের অভ্যন্তরীণ ব্যাপার। দক্ষতার ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা গেলেও সংস্কৃতির বিচার করতে হয় মানুষের মানসিক উৎকর্ষের ভিত্তিতে। যেমন—একটি প্রাইভেট কারের তুলনায় একটি উড়োজাহাজ বেশি দ্রুতগামী। কিন্তু একটি ভালো চিত্র কারও কাছে সুন্দর, আবার কারও কাছে অসুন্দর লাগতে পারে। সভ্যতার অবদানকে সহজে উপলব্ধি করা যায়; কিন্তু সংস্কৃতির অবদান সাধারণ মানুষ খুব সহজে অনুধাবন করতে পারে না। সভ্যতার গতি দ্রুত; কিন্তু সংস্কৃতির গতি দ্রুত নয়।ওপরের আলোচনা থেকে বোঝা যায়, সভ্যতা ও সংস্কৃতি একে অন্যের থেকে আলাদা। তবে সভ্যতার সঙ্গে সংস্কৃতির যোগসূত্র আছে। সংস্কৃতি বিকশিত হওয়ার জন্য উপযুক্ত পরিবেশের দরকার হয়। সভ্যতার মাধ্যমে ওই পরিবেশ সৃষ্টি হয়। সভ্যতার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক দেখাতে গিয়ে ম্যাকাইভার বলেন, ‘আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি, আর আমাদের যা আছে সেটাই হলো সভ্যতা। অতএব, সভ্যতা সংস্কৃতির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। আর তাই লিজার ধারণাকে যথার্থ বলে মেনে নেওয়া যায়।’