
সময়টাই এখন প্রতিযোগিতার। কী পড়াশোনা, কী ক্যারিয়ার—সব ক্ষেত্রেই কঠিন প্রস্তুতি আর প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যে ভবিষ্যৎ ক্যারিয়ার স্থির করে, তা ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার গতি ঠিক রেখে নিজেকে ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য তৈরি করাই শিক্ষার্থীদের মূল আদর্শ হওয়া উচিত। নইলে পিছিয়ে পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্যারিয়ার সম্পর্কে জানানো ও কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়ার সঙ্গে পরিচিত করতেই কাজ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি)। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই এ ক্লাবের যাত্রা শুরু হয়।
ডিইউসিসি সভাপতি ফাইজা নোশিন রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার ও পেশা জীবনে মানসিকভাবে প্রস্তুত করা, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করা, নানা ধরনের প্রশিক্ষণ আয়োজন করে ক্যারিয়ার ক্লাব।
ডিইউসিসির সাধারণ সম্পাদক তানভির আহমেদ বলেন, শিক্ষার্থীদের জন্য এ পর্যন্ত চারটি ক্যারিয়ার ফেয়ার, শতাধিক সেমিনার, ৩০টি কর্মশালার আয়োজন করেছে ক্যারিয়ার ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে ক্লাবের সঙ্গে যুক্ত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজিলা চৌধুরী। তিনি বলেন, ‘সব ধরনের ক্যারিয়ারের ক্ষেত্রে এখন প্রচণ্ড প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। নবীন শিক্ষার্থী হিসেবে চাকরির দুনিয়াতে মানিয়ে নিতে নানা কৌশল আর প্রশিক্ষণের সুযোগ পাই ক্লাবের বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার থেকে।’
ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টর শিক্ষার্থী আণিকা শার্মিলী বলেন,‘অল্প কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হবে। চাকরির বাজারের সহস্র প্রতিযোগীর মধ্যে নিজেকে তৈরি করার জন্য জীবনবৃত্তান্ত লেখা, রিপোর্ট লেখা, কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করার নানা ক্ষেত্র সম্পর্কে ক্লাবের বিভিন্ন ওয়ার্কশপ থেকে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছি। ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এই কৌশলগুলো শেখা ছিল আমার জন্য দারুণ অভিজ্ঞতা।’
২০০৯ সালের ২৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থী আবিদ হাসান খান, তৌহিদুল খান, শামিম ফেরদৌস, ইফতেসা অরণীর হাত ধরেই যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের। নিয়মিত ক্যারিয়ার কাউন্সেলিং, নানা ধরনের কর্মশালা, বিভিন্ন চাকরি ও দক্ষতা-সম্পর্কিত আলোচনা ও সেশন, বিজনেস প্ল্যান প্রতিযোগিতা, ক্যাম্পাসে ক্যারিয়ার ফেস্টিভ্যাল, সার্টিফিকেশন কোর্স, সেমিনার ও কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য কাজ করছে ক্লাবটি।
বর্তমানে আনিকা জামান, অনিরুদ্ধ জাহাঙ্গীর, সামরিনা জাফরিন, রাকিব, ওয়াসেক, হালিমা, মাঈনুদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মিলে এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্লাবটি।
১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বাণিজ্য অনুষদ মিলনায়তনে ‘ক্যারিয়ার ইন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে। বিস্তারিত: fb.com/Ducareerclub ও ০১৮১৭৬৩০৯৯৪।