
বোটানিক্যাল গার্ডেন থেকে বিশমাইল যাত্রীছাউনি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে সরলরেখার মতো যে সোজা রাস্তাটা চলে গেছে, সেখানে প্রায়ই সাঁই করে ছুটে যেতে দেখা যায় একদল ছেলেমেয়েকে। তাঁদের পায়ে স্কেটিংয়ের জুতা, মনে আকাশছোঁয়ার প্রয়াস! আট চাকায় ভর করে হইহই করে যেন উড়ে চলেন তাঁরা! স্কেটিংপ্রেমী এই শিক্ষার্থীদের স্লোগানটাও ইচ্ছের সঙ্গে জুতসই, ‘উই প্রেফার টু ফ্লাই!’ আমরা উড়তে পছন্দ করি!
ক্যাম্পাসের প্রতিটি রাস্তায় চলে তাঁদের ‘উড়ন্ত পথচলা’, হোক সেটা ক্যাফেটেরিয়ার খাড়া ঢাল কিংবা ভিড়ভাট্টায়। দেখে কেউ কেউ মুগ্ধ হয়, কেউ বলে ‘পাগল’! তাতে কী? ক্যাম্পাসের নির্মল বাতাস ছাড়া কোনো কিছুই গায়ে মাখেন না তাঁরা!
‘পাগলের দলের’ অবশ্য একটা নামও আছে। ‘জাবি স্কেটারস’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কেটারদের দল এটা। ২০১৫ সালের ১৭ জানুয়ারি শুরু হয়েছিল সংগঠনটির যাত্রা। স্কেটারদের নিয়ে দল গড়ার এই বুদ্ধিটা কেন, কীভাবে মাথায় এল? প্রশ্নের উত্তরে জাবি স্কেটারসের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজিম উদ্দিন শিকদার বলেন, ‘আমি যখন প্রথম স্কেটিং শুরু করি তখন লক্ষ করলাম, ক্যাম্পাসে আরও অনেকেই স্কেটিং করছে। সবাই আলাদা, একা। এদের একে অপরের সঙ্গে প্রায় কোনো যোগাযোগই নেই। ক্যাম্পাসে যারা স্কেটিং করে তাদের ভেতর একটা যোগাযোগ গড়ে তোলার জন্যই প্রথমে সংগঠনটা করার চিন্তা মাথায় আসে।’
দল গঠন করার পর বেশ সাড়া পড়ে ক্যাম্পাসে। স্নাতক থেকে স্নাতকোত্তরের অনেক শিক্ষার্থীই স্কেটিং শিখতে ছুটে আসেন। এমনকি ক্যাম্পাসের বাইরে থেকেও কয়েকজন এসে দলে ভিড়ে যান। শুধু যে পথচারীর পিলে চমকে দিয়ে সাঁই করে ছুটে যাওয়াই দলটির কাজ, তা নয়। একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবসের মতো অনুষ্ঠানেও সক্রিয় জাবি স্কেটারস। বিভিন্ন উপলক্ষে ‘স্কেট র্যালি’ বের করেন তাঁরা। পাশাপাশি বিনা মূল্যে স্কেটিং শেখানোর আয়োজনও করেন।
স্কেটিং করে প্রাপ্তি কী? হাসিমুখে জাবি স্কেটারসের সদস্যদের জবাব, ‘দল!’। স্কেটিংয়ের জুতা পায়ে দেওয়ার ছুতায় তাঁরা একটা ‘দল’ হয়ে গেছেন! দলের সুযোগে সিনিয়র-জুনিয়রের দূরত্ব কমে এসেছে।
স্কেটাররা জানালেন, স্কেটিং একটা ভালো ব্যায়াম। এর মাধ্যমে শরীর ও মন দুটোই বেশ ঝরঝরে থাকে। তাঁরা এ-ও দাবি করছেন, বাংলাদেশে শুধু তাঁদের বিশ্ববিদ্যালয়েই স্কেটিংয়ের সংগঠন রয়েছে। জাবি স্কেটারস স্বপ্ন দেখছে, একদিন স্কেটিংও বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জায়গা করে নেবে। তা ছাড়া জাবি স্কেটারসের ভারত ভ্রমণে যাওয়ারও কথা চলছে। সবকিছু ঠিক থাকলে মাস কয়েক পর স্কেটিং করতে দলটি ভারতের ত্রিপুরায় যাবে।
শখের বশেই স্কেটিং শুরু করেছিলেন তাঁরা। এখন দলের সদস্যরা ক্যাম্পাসের পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্কেটিং করতে দেখলেই আশপাশের মানুষ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন। আর ওদিকে জাবি স্কেটারসরা শুধু মিটিমিটি হাসেন আর মনে মনে বলেন, ‘উই প্রেফার টু ফ্লাই!’